তুরস্ক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার শততম বার্ষিকী উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকার একটি হোটেলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ অক্টোবর) রাতে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের স্বাগত জানান ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন।
দুই দেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দ্বিপাক্ষিক বাণিজ্য ও সংস্কৃতির দিক থেকে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক সুদৃঢ় হয়েছে।
তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে এবং আগামী বছরের মধ্যে তা ২ বিলিয়ন ডলারে পৌঁছাবে।
তিনি তুরস্কের বিনিয়োগকারীদেরকে দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য বাংলাদেশে আসার আহ্বান জানান।
আলোচনার পর তুরস্কের ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়।
মোস্তফা কামাল আতার্তুকের হাত ধরে ১৯২৩ সালের ২৯ অক্টোবর প্রতিষ্ঠা লাভ করে তুরস্ক প্রজাতন্ত্র। ২০২৩ সালের ২৯ অক্টোবর দেশটির প্রজাতন্ত্রের শততম বছর পূর্ণ হয়েছে। নানা আয়োজনে দিনটি উদযাপন করেছে তুরস্কের মানুষ।