হবিগঞ্জের আজমিরীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলায় এক যুবক হত্যাকাণ্ডের ঘটনায় একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৩০ অক্টোবর) বিকালে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আজিজুল হক এ রায় দেন।
দণ্ডিত আসামি হচ্ছেন ওই উপজেলার শিবপাশা গ্রামের মিজাজ আলীর ছেলে লকুজ মিয়া (৩৭)। উক্ত মামলার বাকি ২৪ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। মামলার বিচার চলাকালে অপর ৫ জন আসামি মৃত্যুবরণ করায় তাদেরকে উক্ত মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী সালেহ উদ্দিন আহমেদ জানান, মামলার ১২ জন সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ করা হয়। তিনি বলেন, একইসঙ্গে দণ্ডিত আসামিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে উক্ত টাকা তার স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে নিহতের পরিবারকে দেয়ার নির্দেশ দেওয়া হয়।
জানা যায়, ওই উপজেলা শিবপাশা গ্রামের আবির হোসেনের সঙ্গে কিছু জমি নিয়ে মজিবুর রহমান চৌধুরীর আদালতে মামলা মোকদ্দমা চলছিল। ২০১১ সালের ১৫ নভেম্বর বিকালে বিরোধপূর্ণ জমিতে মজিবুর রহমান চৌধুরী কাজ করতে যান। এ সময় আবির হোসেন ও তার লোকজন বাধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। তখন মজিবুর রহমান চৌধুরীর শ্যালক আবু সালেক (৩৫) ভগ্নিপতিকে রক্ষায় এগিয়ে গেলে প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় মজিবুর রহমান চৌধুরী বাদী হয়ে ৩০ জনের বিরুদ্ধে আজমিরীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় তদন্ত শেষে পুলিশ তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়।