অবরোধে রাজধানীতে এখন পর্যন্ত যান চলাচল প্রায় স্বাভাবিক

টানা তিন দিনের অবরোধের প্রথম দিন আজ মঙ্গলবার। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গায় যান চলাচল প্রায় স্বাভাবিক ছিল। এ সময় প্রাইভেট কার কিছুটা কম চলতে দেখা গেলেও যাত্রীবাহী বাস চলাচলও ছিল প্রায় অন্যান্য দিনের মতোই।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাজধানীর যাত্রাবাড়ি, গুলিস্তান, গ্রিন রোড, তেজগাঁও, ফার্মগেট, পান্থপথ, কলাবাগান, কারওয়ান বাজার, নীলক্ষেত এলাকায় রাস্তায় সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা বেশি দেখা গেছে। কর্মজীবী এবং শিক্ষার্থীদের নির্বিঘ্নে চলাচল করছে। 

অবরোধে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের নাশকতা করতে না পারে সেজন্য রাস্তায় কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ ও র‍্যাবের সঙ্গে রাস্তায় বিজিবিকে টহল দিতে দেখা গেছে।

আজ সকাল থেকে আগামী ২ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত সারা দেশে মহাসড়ক, রেল ও নৌপথে অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি। জামায়াতে ইসলামীও এই তিন দিন অবরোধ কর্মসূচি দিয়েছে।

বিএনপির অবরোধ শুরুর আগের রাতে চট্টগ্রাম ও গাজীপুরে তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় কেউ কেউ হতাহত হয়নি। গাজীপুর সিটি করপোরেশন এলাকা এবং শ্রীপুর উপজেলায় দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। 

সরকার পতনের যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চসহ অন্য দল ও জোটগুলো বিএনপির অবরোধ কর্মসূচিতে সমর্থন দিয়েছে।