পাঁচ বছরের সংসারে এবারই প্রথম করওয়া চৌথ করছেন না প্রিয়াঙ্কা

হলিউডের পপ তারকা নিক জোনাসের সঙ্গে বিয়ের পাঁচ বছরের মধ্যে এবারই প্রথম করওয়া চৌথ পালন করছেন না বলিউড এর জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করতে ভারতে এসেছেন প্রিয়াঙ্কা। বিশাল ভরদ্বাজের পরিচালনায় একটি ছবিও করবেন তিনি। 

দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া মামি, অর্থাৎ মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ভারতে এসেছেন। সেই চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন দেশের সব বড় বড় অভিনেতা-অভিনেত্রীরাও। 

অন্যদিকে তার স্বামী পপ-গায়ক নিক জোনাস গোটা বিশ্বে তার কনসার্ট নিয়ে ব্যস্ত। কিছুদিন আগে কনসার্ট চলাকালীন কন্যা মালতি মেরি চোপড়া জোনাসকে দর্শক আসন থেকে আলিঙ্গন করেন নিক।

ভারতে বেশ কিছুদিন থাকার পরিকল্পনা আছে প্রিয়াঙ্কা চোপড়ার। তিনি একটি ছবির শুটিংও করবেন এ দেশে। বিশাল ভরদ্বাজ পরিচালিত ছবিতে ফের অভিনয় করবেন প্রিয়াঙ্কা। মার্কিন যুক্তরাষ্ট্রে থাকাকালীন বিশালের সঙ্গে ছবি নিয়ে কথাও বলেছেন তিনি। ফলে কবে দেশে ফিরবেন তার কোনও ঠিক নেই।

এদিকে অভিনেত্রীর আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফের সাথে 'জি লে জারা' সিনেমা করার কথা হয়েছিল তবে অজানা কারণে তিনি সিনেমাটি থেকে বেরিয়ে যান।