ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধের সমর্থনে বিএনপি বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের নেতা-কর্মীদের ধাওয়া করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহীনুর রহমান শাহীন এ অভিযোগ করেন। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে জেলার শহরের পীরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নানের নেতৃত্বে মহাসড়কের পীরবাড়ি এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলে জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সজিবুর রহমান, সাবেক ভিপি তাজুল ইসলামসহ বেশ কয়েকজন অংশ নেন।
মিছিলটি বের করার ২-৩ মিনিটের মধ্যেই জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন শতাধিক মোটরসাইকেল নিয়ে সেখানে উপস্থিত হন। এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া করলে সড়কের পাশের কৃষিজমিতে নেমে দৌড়ে বিএনপির নেতাকর্মীরা আত্মরক্ষা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহীনুর রহমান শাহীন বলেন, কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে অবরোধের সমর্থনে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির বিক্ষোভ মিছিল শেষে পুলিশ ও ছাত্রলীগ হামলা করেন। এই ঘটনায় কেউ আহত হয়নি বলে দাবি করেন তিনি।
অন্যাদিকে এ ব্যাপারে জানতে জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নানকে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।
তবে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন বলেন, ‘বিএনপি-জামায়াত দেশবিরোধী নাশকতামূলক কর্মসূচি দিয়েছে। সাধারণ মানুষ তা প্রত্যাখ্যান করেছে। আমরা সকাল থেকেই তাদের অপচেষ্টা প্রতিরোধে মোটরসাইকেল নিয়ে ঘুরেছি। পীরবাড়ি এলাকায় তারা নাশকতার চেষ্টা চালালে খবর পেয়ে সেখানে যাই। আমাদের দেখেই তারা দৌড়ে পালিয়ে যায়।’
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, বিএনপির নেতাকর্মীদের মিছিল বের করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছিল। এর আগেই ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে গেলে তারা পালিয়ে যায়। তবে সেখানে কোন সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।