শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যান চাপায় পিষ্ট হয়ে বাবা-ছেলে নিহত

মাদারীপুরে শ্রাদ্ধ অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যান চাপায় পিষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের মঠেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত বাবা-ছেলে হলেন সদর উপজেলার খোঁয়াজপুর ইউনিয়নের টেকেরহাট পালপাড়া এলাকার স্বর্ণ ব্যবসায়ী মহাদেব দেবনাথ (৬৫) ও তার ছেলে মিঠুন দেবনাথ (১৫)। মিঠুন খোঁয়াজপুর টেকেরহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে মিঠুন তার বাবা মহাদেব দেবনাথের সঙ্গে মাদারীপুর শহরের বাদামতলা এলাকায় এক নিকটাত্মীয় বাড়িতে শ্রাদ্ধের অনুষ্ঠানে অংশ নেয়। অনুষ্ঠান শেষ করে সন্ধ্যায় একটি অটোরিক্সায় করে তারা নিজেদের বাড়ি টেকেরহাট পালপাড়ায় যাচ্ছিল। তাদের অটোরিক্সাটি মঠেরবাজার এলাকায় এলে শরীয়তপুর থেকে আসা একটি কাভার্ডভ্যান সামনে থেকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশা থেকে বাবা-ছেলে ছিটকে মহাসড়কে পড়ে ওই কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়। এ সময় অটোরিক্সার চালক গুরুতর আহত হলে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আলাউল হাসান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরির্দশন করেছি। স্পর্টেই বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘাতক ওই কাভার্ডভ্যানসহ চালককে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।