মৌলভীবাজারের জুড়ীতে পাথরবোঝাই ট্রাক নিয়ে ভেঙে পড়েছে একটি বিকল্প সেতু। সোমবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জুড়ী-লাঠিটিলা সড়কের উত্তর ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছেন এলাকার কয়েক হাজার মানুষ।
জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে উপজেলার উত্তর ভবানীপুর এলাকার স্মরণরায় খালের উপর নির্মাণাধীন সেতুর পাশে বিকল্প চলাচলের জন্য তৈরি বেইলি সেতু দিয়ে পাথরবোঝাই একটি ট্রাক অতিক্রমকালে তা ভেঙে পড়ে। এরপর থেকে ঐ সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েন উপজেলার পূর্বজুড়ী, পশ্চিমজুড়ী, গোয়ালবাড়ী ও ফুলতলা ইউনিয়নের কয়েক হাজার মানুষ।
সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সূত্রে জানা যায়, উত্তর ভবানীপুর এলাকায় স্মরণরায় খালের উপর পুরনো বেইলি সেতু ভেঙে সেখানে প্রায় ৩৮ মিটার দীর্ঘ একটি নতুন পিসি গার্ডার সেতুর নির্মাণ কাজ চলছে। এজন্য পুরনো সেতুর পাশে একটি বিকল্প বেইলি সেতু নির্মাণ করেছিল ঠিকাদারী প্রতিষ্ঠান। সেটি ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুর মধ্যখানে ভেঙে ট্রাকটি খাদে পড়ে আছে। সেতুর অন্যপাশ দিয়ে সাময়িক চলাচলের জন্য কাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন।
সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) মৌলভীবাজারের উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম বলেন, সাময়িক চলাচলের জন্য সেতুর অন্যপাশে যাতায়াতের ব্যবস্থা করা হচ্ছে। দ্রুত ট্রাকটি তুলে বিকল্প সেতুটি মেরামত করে দেওয়া হবে।