নারায়ণগঞ্জে বিক্ষোভ-ভাঙচুর, আড়াইহাজারে বিজিবি মোতায়েন

বিএনপি-জামায়াতের টানা তিনদিনের অবরোধের দ্বিতীয় দিন নারায়ণগঞ্জের আড়াইহাজার, সোনারগাঁ ও রূপগঞ্জ উপজেলায় রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় আড়াইহাজারে পণ্যবাহী একটি কাভার্ড ভ্যান ও একটি সিএনজি ভাঙচুর এবং সড়ক অবরোধ করে তারা।

আজ বুধবার (১ নভেম্বর) সকালে জেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথকভাবে মহাসড়কে অগ্নি সংযোগ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। সকালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের কর্মী-সমর্থকরা আড়াইহাজার উপজেলার বান্টিবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ি ভাঙচুর করে ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে সেখানে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেন, ‘টানা অবরোধে দ্বিতীয় দিনের মতো আড়াইহাজারে আমরা রাজপথে আছি। এখানে কর্মসূচির পর জানতে পেরেছি আমার বাড়িতে পুলিশ পাহারায় আওয়ামীলীগ ভাঙচুর করেছে। এসব করে আমাদের রাজপথ থেকে দূরে রাখা যাবে না। এই অবৈধ সরকারের পতন ঘটিয়েই রাজপথ ছাড়বো ইনশাআল্লাহ।

এদিকে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, ‘পুলিশ তার বাড়িতে যায়নি। এসব মিথ্যা কথা (প্রচার করা হয়েছে) রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য। তারা রূপগঞ্জের আধুরিয়া এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বলে শুনেছি; এটা আড়াইহাজার সীমানার বাইরে।’

একই দিন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের কর্মী-সমর্থকরা সোনারগাঁয়ের নয়াপুরে ঢাকা-সিলেট এশিয়ান হাইওয়ে সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে বিএনপির নেতাকর্মীদেরকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মমনিরুজ্জামানের কর্মীরা রূপগঞ্জ উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের পূর্বাচল লালমাটি এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় একটি ট্রাক ভাঙচুর করে বিক্ষোভ করে তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে ফতুল্লা থানা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ব্যানারে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি যুব উন্নয়ন এলাকায় সড়ক অবরোধ করে বিএনপির নেতাকর্মীরা। তারা রাস্তায় ঝুট কাপড় ও টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।

ছবি: ইত্তেফাক

সিদ্ধিরগঞ্জে জামায়াতের বিক্ষোভ: অবরোধের দ্বিতীয় দিন সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলাম। গতকাল বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড প্রো-অ্যাকটিভ হাসপাতালসংলগ্ন ও সড়কের মাদানীনগর এলাকায় তারা অবরোধের সমর্থনে মিছিল করে। এসময় তারা সরকার বিরোধী নানা শ্লোগান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ জামায়াতের কারাবন্দি শীর্ষ নেতাদের মুক্তি দাবি করেন।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা জানান, নারায়ণগঞ্জের কোথাও কেউ যেন কোনো অরাজকতা সৃষ্টি না করতে পারে, সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি যে কোনো বিশৃঙ্খলা রোধে সতর্ক অবস্থানে রয়েছেন তারা।

ছবি: ইত্তেফাক

সিদ্ধিরগঞ্জে ৬৮ বিএনপি নেতার বিরুদ্ধে পুলিশের মামলা: সিদ্ধিরগঞ্জে সড়ক অবরোধ করে অগ্নিসংযোগ করার ঘটনায় বিএনপির ৬৮ নেতাকর্মীকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন বাদী হয়ে নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করেন। এতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিনকে মামলার প্রধান আসামি করা হয়েছে। অন্যান্য আসামি হলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর, সাধারণ সম্পাদক রাইদ ইশতিয়াক শিকদার, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি সভাপতি মাজেদুল ইসলাম ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি এ কে হীরাসহ ৬৮ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে।

মামলা সূত্র জানায়, গত ৩১ অক্টোবর দুপুরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তারা।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গােলাম মোস্তফা বলেন, ‘এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। এ পর্যন্ত মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’