রাজধানীর যাত্রাবাড়ীতে রায়েরবাগে বাসচাপায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১ নভেম্বর) সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওই আরোহীর নাম- রুবেল হোসাইন (৩৫)। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত রুবেল নারায়ণগঞ্জের বাবুল আক্তারের ছেলে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ফারজানা আক্তার। তিনি বলেন, ‘সকালে রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন মোটরসাইকেল আরোহী রুবেল। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়।’
তিনি আরও বলেন, ‘নিহতের মানিব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে নাম পরিচয় জানা গেছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এছাড়া ঘটনার পরপরই বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।’