সংঘাতের পর তৃতীয়বারের মতো ইসরায়েল যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আবারও মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। আগামী শুক্রবার (৩ নভেম্বর) ইসরায়েল সফরের মধ্য দিয়ে এ ভ্রমণ শুরু করবেন তিনি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার (৩১ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিও মিলার সাংবাদিকদের বলেন, শুক্রবার ইসরায়েল সরকারের সদস্যদের সঙ্গে বৈঠকের জন্য সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন। এরপর তিনি অঞ্চলটির অন্যান্য জায়গাগুলো ভ্রমণ করবেন বলে জানায় ম্যাথিও মিলার।

হামাস ও ইসরায়েলে সংঘাত শুরু হওয়ার পর সংহতি জানাতে ইসরায়েল সফর করেন ব্লিনকেন। তখন তিনি ইসরায়েল থেকে জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিসর সফর শেষ করে আবার ইসরায়েল যান তিনি।

বুধবার (১৮ অক্টোবর) তেল আবিবে এক দিনের সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ছিলেন ব্লিঙ্কেন। সফরটিতে বাইডেন ইসরায়েল সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন।

দেশে ফেরার পর ইসরায়েল ও ইউক্রেনের জন্য অতিরিক্ত তহবিল প্রদানের প্রস্তাব পাস করতে কংগ্রেসে অনুরোধ জানিয়েছেন বাইডেন। এছাড়াও তহবিল বরাদ্দ দেওয়ার বিষয়ে গতকাল মার্কিন পার্লামেন্টে গিয়েছিলেন ব্লিঙ্কেন। 

তবে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের বাধার মুখে বারবারই সিনেট শুনানি বাধাগ্রস্ত হয়েছে। বিক্ষোভকারীদের কেউ কেউ স্লোগান দিচ্ছিলেন ‘এখনই যুদ্ধবিরতি চাই’, ফিলিস্তিনিরা পশু নয়’, ‘আপনাদের সবাইকে ধিক্কার জানাই’। পরে ওই বিক্ষোভকারীদের কক্ষ থেকে বের করে দেওয়া হয়।

এদিকে ফিলিস্তিনের গত রাতে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থীশিবিরে বোমা হামলা চালানোর কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার চালানো এ হামলায় শিবিরটিতে অন্তত ৫০ ফিলিস্তিনি নিহত হন। আহত হন প্রায় ১৫০ জন।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাস। এতে এখন পর্যন্ত ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হন। সেদিন থেকেই গাজায় নির্বিচার বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। আজ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৫ দিন ধরে চলা ইসরায়েলি হামলায় ৮ হাজার ৫২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।