ঈশ্বরদীতে কলকাতা-ঢাকা রুটের আন্তর্জাতিক মৈত্রী এক্সপ্রেস ট্রেনে পেট্রল বোমা হামলা ও ভাংচুরের ঘটনায় ঈশ্বরদী রেল থানায় মামলা দায়ের হয়েছে। মামলায় অজ্ঞাত ৪০-৪৫ জনকে আসামি করা হয়েছে। মৈত্রী এক্সপ্রেস ট্রেনের কর্তব্যরত পরিচালক (গার্ড) হাবিবুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি হারুনুজ্জামান রুমেল মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার গভীর রাতে মৈত্রী ট্রেনের কর্তব্যরত পরিচালক (গার্ড) হাবিবুর রহমান হাবিব বাদী হয়ে ঈশ্বরদী রেলওয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আসামীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এখনো পর্যন্ত এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি বলে জানান তিনি।
উল্লেখ্য, চলমান অবরোধের দ্বিতীয় দিন বুধবার (১ নভেম্বর) দুপুরে ১২টার দিকে কলিকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে ঈশ্বরদীর লোকোশেড এলাকা অতিক্রম করার সময় অবরোধকারীরা ককটেল, পেট্রোল বোমা নিক্ষেপ ও ইট পাটকেল ছুঁড়ে। এ সময় ট্রেনের ৭২১৯ কোচের জানালার দুটি গ্লাস ভেঙে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ককটেল ও পেট্রল বোমার বোতল জব্দ করে।