আজ নীলাদ্রি লেকের ‘ইত্যাদি’

প্রাকৃতিক রূপ-বৈচিত্র্যের অপূর্ব লীলাভূমি সুনামগঞ্জ জেলার দুর্গম অঞ্চল সীমান্তঘেঁষা তাহিরপুর উপজেলার টেকেরঘাটের লেকের সামনে ২০১৮ সালে ধারণ করা ইত্যাদির একটি বিশেষ পর্ব পুনঃপ্রচার করা হবে আজ রাত ৮টার বাংলা সংবাদের পর।

টেকেরঘাটের নীল জলের লেকটিকে বলা হয় ‘শহীদ সিরাজ লেক’। অনেকের কাছেই যা নীলাদ্রি লেক হিসেবে পরিচিত। সবুজ বনানী, পাহাড় আর অসাধারণ নৈসর্গিক দৃশ্যের সাথে সঙ্গতি রেখে সাজানো মঞ্চে লক্ষাধিক দর্শকের উপস্থিতিতে ধারণ করা হয়েছিল ইত্যাদির এই পর্বটি।

ইত্যাদির ধারণ উপলক্ষে হাওড় কন্যা সুনামগঞ্জে ছিল উত্সবের আমেজ। বিষয়-বৈচিত্রে ভরপুর ইত্যাদির এই পর্বে রয়েছে বেশ কয়েকটি হূদয়ছোঁয়া প্রতিবেদন। সুনামগঞ্জের ইতিহাস, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যম্লিত-দর্শনীয় ও পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানগুলোর ওপর তথ্যভিত্তিক প্রতিবেদন।

সুনামগঞ্জের লোক সাধক দেওয়ান হাছন রাজা, রাধারমণ দত্ত, দুর্বিন শাহ এবং শাহ আব্দুল করিমের ওপর রয়েছে একটি তথ্যভিত্তিক অনুসন্ধানী প্রতিবেদন। জার্মান প্রবাসী শৌখিন দূরপাল্লার দৌড়বিদ শিব শংকর পালের ওপর রয়েছে একটি প্রতিবেদন। এছাড়া সুখের খোঁজে বাংলাদেশে আসা একদল বিদেশির ওপর করা রয়েছে একটি চমত্কার প্রতিবেদন। পাশাপাশি ঢাকার আশুলিয়ার মাইনুল মাজেদিনের ঘড়ি সংগৃহের ওপর রয়েছে একটি তথ্যভিত্তিক প্রতিবেদন। বিদেশি প্রতিবেদনে রয়েছে সৌন্দর্যের লীলাভূমি দক্ষিণ আফ্রিকা, দেশটির কৃষি ব্যবস্থা ও সেখানে কৃষিকাজ করে সফলতা লাভ করেছে এমন একজন বাংলাদেশির গল্প।

এবারের ইত্যাদিতে সুনামগঞ্জের ৪ জন মরমী সাধকের লেখা ৪টি গানের অংশ বিশেষের সমন্বয়ে একটি গান গেয়েছেন সিলেটের সন্তান শিল্পী শুভ্রদেব, সেলিম চৌধুরী ও সহশিল্পীবৃন্দ। এছাড়াও সুনামগঞ্জকে নিয়ে মোহাম্মদ রফিকউজ্জামানের কথা, হানিফ সংকেতের সুর এবং মেহেদীর সংগীতায়োজনে একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন টেকেরঘাটের স্থানীয় নৃত্যশিল্পীরা। গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রতিক হাসান ও আনিকা।

এছাড়াও অনুষ্ঠানে মামা-ভাগ্নে, দর্শক পর্ব, নানি-নাতি, চিঠিপত্রসহ বিভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে রয়েছে বেশ কয়েকটি বিদ্রুপাত্মক নাট্যাংশ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। একযোগে প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে।