চলতি ভারত বিশ্বকাপে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে আজ নিজেদের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে নিউজিল্যান্ড এবং পাকিস্তান। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সাতটি করে ম্যাচ খেলেছে দুই দল। সাত ম্যাচে ৪ জয় এবং ৩ হারে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে অবস্থান করছে গত আসরের ফাইনাল খেলা দল নিউজিল্যান্ড। নিজেদের সবশেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১৯০ রানের বিশাল ব্যবধানে হারেন কিউইরা।
শুধু তা-ই নয়, আসরে উড়ন্ত সূচনা করেও টানা তিন হারে নিজেদের সেমিতে ওঠার লড়াই কঠিন করে তুলেছেন ব্ল্যাক ক্যাপসরা। তাই সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে পাকিস্তানের বিপক্ষে জয়ের জন্য মরিয়া কিউইরা। কারণ এই ম্যাচ জয় পেলে প্রায় সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যাবে তাদের।
অন্যদিকে চলতি বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে ৪ হার এবং ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলে নিউজিল্যান্ডের পরেই অবস্থান করছে ’৯২-এর বিশ্বচ্যাম্পিয়ন দল পাকিস্তান। নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে জয়ে ফিরেছেন তারা। এখন সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে কিউইদের বিপক্ষেও জয় তুলে নিতে হবে বাবর আজমদের। তাই বলা যায়, আজকের লড়াইটা দুই দলের জন্যই মহাগুরুত্বপূর্ণ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি আজ বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০মিনিটে অনুষ্ঠিত হবে।
চলতি বিশ্বকাপে চিন্নাস্বামী স্টেডিয়ামে এখন পর্যন্ত দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। যার প্রথম ম্যাচে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া এবং পাকিস্তান। সেই ম্যাচে আগে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে ৩৬৭ রান জমা করে অস্ট্রেলিয়া। যা চলমান আসরে এই মাঠের সর্বোচ্চ রান। জবাবে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ৩০৫ রান সংগ্রহ করতে পারে পাকিস্তান। এছাড়া এই মাঠে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় গত আসরের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা। সে ম্যাচে আগে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করতে সক্ষম হয় ইংল্যান্ড। চলতি বিশ্বকাপে যা এই ম্যাঠের সর্বনিম্ন রান। জবাবে ব্যাট করতে নেমে ইংলিশদের বিপক্ষে ৮ উইকেটে জয় তুলে নেন লঙ্কানরা।
এদিকে এক দিনের ক্রিকেটে এখন পর্যন্ত ১১৫ বার মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড এবং পাকিস্তান। সেইসব দেখায় জয়ের পাল্লা ভারি বাবর আজমদের। তারা জয় পেয়েছে ৬০ ম্যাচে বিপরীতে নিউজিল্যান্ডের জয় ৫১ ম্যাচে। বাকি একটি ম্যাচ ড্র হয়। এবং তিনটি ম্যাচে কোনো ফলাফলই আসে নাই। এছাড়া এসব ম্যাচের মধ্যে বিশ্বকাপে ৯ বার মুখোমুখি হয় দুই দল। বিশ্বকাপের পরিসংখ্যানও কথা বলছে বাবর আজমদের পক্ষে। বিশ্বকাপে পাকিস্তানের ৭ জয়ের বিপরীতে নিউজিল্যান্ডের জয় মাত্র ২টি ম্যাচে।
অন্যদেক সবশেষ গত মে মাসে মুখোমুখি হয় এই দুদল। সেসময় পাকিস্তানের মাটিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলে নিউজিল্যান্ড। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে বাবর আজমের দল। তবে সিরিজের শেষ ম্যাচে আসে ঘুরে দাড়াঁয় কিইউরা। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৪৭ রানের জয় তুলে নেয় নিউজিল্যান্ড। সেই ম্যাচে জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে পাকিস্তানের বিপক্ষে আজ মাঠে নামবে নিউজিল্যান্ড। তবে সব শেষ ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটের ব্যবধানে পরাজয়ের তিক্ত অভিজ্ঞতাও রয়েছে কিউইদের।