সাভারের আশুলিয়ার ছয়তলা এলাকায় টিয়ার শেল ছুড়ে আন্দোলন ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। শনিবার (৪ নভেম্বর) সকালে শুরু হওয়া এ আন্দোলনে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু করেছে পুলিশ।
মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন রত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করছে ও জল কামানও ব্যবহার করছে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আটটার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া ছয়তলা এলাকায় একত্রিত হন একাধিক কারখানার শ্রমিকরা। পরে তারা কারখানা লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন। এ সময় শ্রমিকদের ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দেন পুলিশ সদস্যরা। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা গলির ভেতরে ঢুকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরাও রাবার বুলেট বর্ষণ করে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ‘সকালে শ্রমিকরা সড়কে নামার চেষ্টা করা হলে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট বর্ষণ করা হয়েছে।’
শিল্প পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাসের জনি বলেন, ‘সকালে আশুলিয়ায় পোশাক কারখানা খোলার পর শ্রমিকরা হাজিরা দিয়ে কারখানা থেকে বের হয়ে রাস্তায় জড়ো হচ্ছিলেন। পুলিশ তাদের সরিয়ে রাস্তা খালি করতে গেলে সংঘর্ষ শুরু হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’