সাভারের আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ছয় তলা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল ৮টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়ার ছয় তলা এলাকায় বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা একত্রিত হন। পরে তারা কারখানা লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। এ সময় শ্রমিকদের ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দেন পুলিশ সদস্যরা। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা গলির ভেতরে ঢুকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও রাবার বুলেট ছোড়ে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ‘সকালে শ্রমিকরা সড়কে নামার চেষ্টা করলে তাদের সরিয়ে দেওয়া হয়।’
শিল্প পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাসের জনি বলেন, ‘সকালে আশুলিয়ায় পোশাক কারখানা খোলার পর শ্রমিকরা হাজিরা দিয়ে কারখানা থেকে বের হয়ে রাস্তায় জড়ো হচ্ছিলেন। পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। পুলিশ টিয়ার শেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’