ব্রাহ্মণবাড়িয়ার জামাতার হাতে শ্বশুর খুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মেয়ের জামাতার হাতে শ্বশুর খুন হয়েছেন। নিহত হাফিজুর রহমান (৬০) উপজেলার চম্পকনগর ইউনিয়নের নুরপুর গ্রামের গুলু মিয়ার ছেলে। 

শনিবার (৪ নভেম্বর) ভোরে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে মেয়ের জামাতা শামীম মিয়া পলাতক রয়েছেন। 

জানা যায়, প্রায় ৩ বছর পূর্বে হাফিজুর রহমানের মেয়ে নাহিদা আক্তারের সঙ্গে পারিবারিকভাবে শামীম মিয়ার বিবাহ হয়। নাহিদা আক্তার ও শামিম মিয়ার দাম্পত্য জীবনে ২ বছরের একটি শিশু সন্তান আছে। পারিবারিক নানান বিষয় নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। এরই প্রেক্ষিতে চলতি বছরের গত ৮ অক্টোবর নাহিদা আক্তার তাহার স্বামী শামীম মিয়াকে তালাক দিয়ে বাবার বাড়িতে চলে আসে। নাহিদা আক্তার তাহার পিতার বাড়িতে চলে আসার পর সে না ফিরে গেলে শামীম তার বাবা হাফিজুর রহমানকে হত্যার হুমকি দেয়। নাহিদা আক্তার এরই মাঝে পরিবারের লোকজনদের কিছু না জানিয়ে পুনরায় স্বামীর সংসারে ফিরে যায়। কিন্তু তাদের মধ্যে পুনরায় দাম্পত্য জীবনের কলহের জের ধরে শুক্রবার (৩ নভেম্বর) নাহিদা তার বাবার বাড়িতে চলে যায়। নাহিদাকে ফিরিয়ে নিতে শামীমের বাবাসহ পরিবারের সদস্যরা তার বাড়িতে আসে। কিন্তু শামীমের সংসারে নাহিদা আক্তার ফিরে যাবে না বলে জানিয়ে দেয়। এরই জেরে ভোরে শামীম শ্বশুর বাড়িতে এসে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তার শ্বশুর হাফিজুর রহমানকে হত্যা করে পালিয়ে যায়।

বিজয়নগর থানার ওসি রাজু আহমেদ জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। ঘাতক শামীমকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।