মাদারীপুর জেলার শিবচর উপজেলার আড়িয়াল খাঁ নদের উপর নির্মিত ‘লিটন চৌধুরী সেতু’ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ নভেম্বর) বিকালে জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের ৬ বারের সফল সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী এ সেতুটি উদ্বোধন করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, মাদারীপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মাহফুজুর রহমান, আরডিপির এমএস প্রকল্প পরিচালক সেলিম সরকার, মাদারীপুর স্থানীয় সরকার অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, মাদারীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আশরাফ আলী খান, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মোল্লা, পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াজুর রহমান, শিবচর উপজেলা প্রকৌশলী কেএম রেজাউল করিম, শিবচর থানার ওসি সুব্রত গোলদারসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
লিটন চৌধুরী সেতুর শুভ উদ্বোধনের মধ্য দিয়ে শিবচর উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন তিনটি ইউনিয়নের সঙ্গে সরাসরি সড়ক পথের যোগাযোগ তৈরি হল।
জানা গেছে, শিবচর উপজেলার শিরুয়াইল, নিলখী ও দত্তপাড়া ইউনিয়নের অধিকাংশ এলাকাসহ আশেপাশের লক্ষাধিক মানুষ যুগ যুগ ধরে থাকা ভোগান্তির অবসান হল অবশেষে। মাত্র ১৫ মিনিটেই উপজেলা সদরে পৌঁছানো যাবে এই সেতু দিয়ে। এর ফলে ব্যবসায়-বাণিজ্যের প্রসার ঘটবে নদী পাড়ের মানুষের।
শিবচর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ৯৭ কোটির ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটির দৈর্ঘ্য ৫শত ৫০ মিটার, প্রস্থ ৯.৮০ মিটার, ব্রিজের ক্যারিজওয়ে ৭.৩০ মিটার, ফুটপাত ১.২৫ মিটার। স্প্যান রয়েছে ১১টি, গার্ডারের সংখ্যা ৪৪টি, সেতুটির উচ্চতা ২.৪০ মিটার, লাইট পোস্ট রয়েছে ৪৬টি। এর অ্যাপ্রোচ সড়কের দৈর্ঘ্য ৬১০ মিটার। সেতুটির নির্মাণ কাজ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মো. মইন উদ্দীন ও হা-মিম ইন্টারন্যাশনাল।
স্থানীয়রা জানান, সেতুটির ফলে শিবচর যাতায়াতে এই এলাকার মানুষের ভোগান্তির অবসান হলো। মাত্র ১৫ মিনিটেই উপজেলা সদরে পৌঁছানো যাবে এখন।
মো. রাজ্জাক নামের স্থানীয় এক ব্যক্তি বলেন, কেউ অসুস্থ হয়ে পড়লেও আমরা দ্রুত শিবচর যেতে পারতাম না। নদী পাড় হতে গিয়ে ট্রলার সঠিক সময় মতো পাওয়া যেতো না। দীর্ঘদিন ধরে আমরা শিবচরে যেতে চরম ভোগান্তির শিকার হয়েছি। সেতু উদ্বোধনের মধ্য দিয়ে এই ভোগান্তি দূর হচ্ছে। এই সেতু আমাদের জন্য আশীর্বাদ।
উল্লেখ্য, ২০১৮ সালের অক্টোবর মাসের শেষের দিকে সেতুটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী। সেতুটির নামকরণ করা হয়েছে ‘লিটন চৌধুরী সেতু’।