সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের ছয়বারের সফল সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী বলেছেন, ‘শিবচরে বিএনপি প্রার্থীর জামানত রক্ষাই কঠিন হয়ে যাবে।’
শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় শিবচরের নয়াবাজার এলাকায় সেতু সংলগ্ন বালুর চরে বিএনপির সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
শান্তি সমাবেশে চিফ হুইপ বলেন, ‘আজকে একদিকে সন্ত্রাস আর আরেক দিকে শান্তি। বাংলাদেশের মানুষকেই বেছে নিতে হবে আপনারা সন্ত্রাস চান না শান্তি চান।’
তিনি আরও বলেন, ‘আপনারা দেখেছেন ২০১৪ ও ২০১৮ সালে কীভাবে গাড়িতে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা হয়েছে। কীভাবে আগুন দেওয়া হয়েছে। সেদিন দেখেছেন কীভাবে আন্দোলনের নামে প্রধান বিচারপতির বাড়িতে হামলা চালানো হয়েছে, হাসপাতাল যেখানে যুদ্ধের সময়ও কেউ হামলা করে না। সেখানেও আগুন দেয়া হয়েছে। বাসের মধ্যে মানুষ মেরে ফেলা হয়েছে। একজন পুলিশ বাঁচার জন্য আকুতি করছে অথচ তাকে কীভাবে হেলমেট দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।’
‘শিবচরে বিএনপি প্রার্থীর জামানত রক্ষাই কঠিন হয়ে যাবে’
- নূর-ই-আলম চৌধুরী
চিফ হুইপ, জাতীয় সংসদ ও
সাংসদ, মাদারীপুর-১ (শিবচর) আসন
বিএনপির অবরোধে সাংবাদিক মারধরের বিষয়টি উল্লেখ করে চিফ হুইপ বলেন, ‘সাংবাদিকরা সব সময় তাদের পাশে থেকে নিউজ করে, তাদেরকেও নির্যাতন করা হয়েছে। অনেকে এখনো হাসপাতালে আছে। এনাদের কাছে কখনো বাংলাদেশ নিরাপদ হতে পারে না। আজকে বাংলাদেশ যদি পিছিয়ে যায় তবে আমরা পাকিস্তান, আফগানিস্তানের মতো হয়ে যাবো। আমরা পিছিয়ে যেতে চাই না, আমরা উন্নত দেশের সঙ্গে প্রতিযোগিতা করে উন্নত বাংলাদেশ হতে চাই।’
নূর চৌধুরী বলেন, ‘যতই সন্ত্রাস করা হোক, যতই ষড়যন্ত্র করা হোক- ওই সাদা চামড়ার ষড়যন্ত্র আমরা অনেক দেখেছি। এই ষড়যন্ত্র মানুষ বিশ্বাস করে না।’
নির্বাচনের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ নির্বাচন বেশিদিন বাকি নাই। বাংলাদেশে সাংবিধানিকভাবে সময়মতো শেখ হাসিনার নেতৃত্বেই নির্বাচন হবে। এই নির্বাচনে কে আসবে, কে আসবে না সেটা আমাদের দলীয় বিষয় নয়। এটা আমাদের দেখার ব্যাপার না।’