টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ অফিসার হলেন এসআই মনিরুজ্জামান 

বহুবার পুরস্কারপ্রাপ্ত পুলিশের সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান এবার জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ অফিসার নির্বাচিত হয়েছেন। শনিবার (৪ নভেম্বর) কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উপলক্ষে টাঙ্গাইল পুলিশ লাইনে এক আলোচনা সভা শেষে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামানের হাতে শ্রেষ্ঠত্বের সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। 

আলোচনা সভায় টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক, জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি আনিছুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

Sakhipur-Pic 5.11.23-Si Monirozzaman-2

এর আগে এসআই মনিরুজ্জামান বিভিন্ন থানায় কর্মরত অবস্থায় কর্মদক্ষতায় শ্রেষ্ঠত্ব অর্জন করায় পুরস্কৃত হয়েছেন। তিনি মুন্সিগঞ্জ জেলায় কর্মরত অবস্থায় জেলা পুলিশের মাসিক অপরাধ দমন নিয়ন্ত্রণ পর্যালোচনা সভায় ৪০ বার জেলার শ্রেষ্ঠ এএসআই, একই জেলায় কর্মরত অবস্থায় ঢাকা রেঞ্জে ১৭ বার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হন। একইভাবে টাঙ্গাইলের সখীপুর থানায় কর্মরত অবস্থায় জেলা পুলিশের মাসিক অপরাধ দমন নিয়ন্ত্রণ পর্যালোচনা সভায় ১৫ বার জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হন। এছাড়াও বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার কর্তৃক পুরস্কার প্রদানের অভিন্ন মানদণ্ডের আলোকে অসীম সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ এসআই মনিরুজ্জামান ২০১২ সালে পেয়েছেন পুলিশের ‘আইজিপি’ পদক।  

মনিরুজ্জামান টাঙ্গাইলের সখীপুর থানায় কর্মরত আছেন। তিনি ২০০২ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগদান করেন। কর্মক্ষেত্রে তার অসীম সাহসিকতা, দক্ষতা, সততা ও শৃঙ্খলামূলক প্রশংসনীয় কাজের জন্য ২০১০ সালে এএসআই পদে পদোন্নতি পান।

ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার, সংবদ্ধ অপরাধী গ্রেপ্তারসহ উল্লেখযোগ্য ভূমিকা পালন, পেশাদারিত্ব ও সাহসিকতার প্রশংসনীয় কাজের জন্য ২০১৬ সালে এসআই পদে পদোন্নতি পান। এসআই মনিরুজ্জামানের বাড়ি জামালপুরের জেলার সরিষাবাড়ী উপজেলায়।  

Sakhipur-Pic 5.11.23-Si Monirozzaman-1

এসআই মনিরুজ্জামান বলেন, পুলিশ হচ্ছে জনগণের বন্ধু। সে লক্ষ্যে আমি আমার কাজকে পবিত্র দায়িত্ব মনে করি। সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে কর্মজীবনের শুরু থেকেই আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে আমি দায়িত্ব পালন করে আসছি; আশা করি ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে। এ পুরষ্কার আমাকে আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে বলেও জানান তিনি। 

এ বিষয়ে সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, এসআই মনিরুজ্জামান জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন। এ শ্রেষ্ঠত্ব অর্জন করায় আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার) পিপিএম মহোদয়ের স্বাক্ষরিত কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক পেয়েছেন। তিনি পেশাদারিত্ব ও সাহসিকতার প্রমাণ দিয়েছেন। যে কারণে তার কাজের স্বীকৃতিও তিনি পাচ্ছেন। 

এ প্রসঙ্গে টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সার বলেন, পুলিশের নানা কাজের এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমের বিভিন্ন ক্যাটাগরিতে জেলার সবকটি থানার মধ্যে এসআই মনিরুজ্জামানের সামগ্রিক কর্মতৎপরতা ও কর্মদক্ষতা সন্তোষজনক হওয়ায় তিনি জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। এ শ্রেষ্ঠত্ব বছরে একবার নির্বাচন করা হয়।  
এই সম্মাননার মধ্য দিয়ে তার আগামী দিনের দায়িত্ববোধ আরও বাড়বে আশা করি। পাশাপাশি সখীপুরের জনগণ আরও ভালো সেবা পাবে।