বিএনপির ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিন গতকাল রবিবার রাজধানীতে ছয়টি বাসসহ সারাদেশে কমপক্ষে ১৩টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বনশ্রীর মেরাদিয়া, বাংলামোটর, পলাশী মোড়, জুরাইন, কাওরান বাজার ও মিরপুরে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে। মেরাদিয়ার ঘটনায় দগ্ধ হয়েছেন বাসটির চালক। এছাড়া ফুলবাড়িয়ায় বাসে আগুন দেওয়ার সময় এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। বিএএফ শাহীন কলেজের সামনে প্রাইভেটকার ও অটোরিকশা ভাঙচুর করা হয়েছে। উত্তরা হাউজবিল্ডিং এলাকায় প্রধান সড়কে পুলিশের টহল গাড়িতে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে উত্তরা পশ্চিম থানার এসআই মাহবুব আলীসহ তিন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। খবর ইত্তেফাক প্রতিবেদক এবং সংশ্লিষ্ট জেলা প্রতিনিধি ও উপজেলা সংবাদদাতাদের।
রাজধানী: ফুলবাড়িয়া বাস টার্মিনালের সামনে বাসে আগুন দেওয়ার চেষ্টাকালে গানপাউডারসহ ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক জামাল হোসেনকে (২৯) আটক করেছে বংশাল থানা পুলিশ। রাতে পুলিশের লালবাগ জোনের উপ-কমিশনার জাফর হোসেন জানান, জামাল হোসেন তানজিল পরিবহনের একটি বাসে ফুলবাড়িয়ায় এসে একটি বাসে আগুন দেয়ার চেষ্টা করলে পরিবহন শ্রমিকরা তাকে আটক করে পুলিশে দেন। পরে তল্লাশি করে তার কাছ থেকে গানপাউডার ও পেট্রোলবোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। জামাল হোসেন কেন্দ্রীয় ছাত্রদলের এক নেতার নির্দেশে বাসে আগুন লাগাতে এসেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বিকাল পৌনে ৪টার দিকে রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজের সামনে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন দেওয়া হয়। চৈতালি নামের বাসটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আনা নেওয়ার কাজে ব্যবহার করা হয়। এটি শিক্ষার্থীদের নামিয়ে ডিপোতে ফেরার সময় অগ্নিসন্ত্রাসের শিকার হয়। তবে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই বাসের আগুন নির্বাপণ করেন বাঙলা কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে সন্ধ্যার পর রাজধানীর বাংলামোটরে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে মিরপুর সাড়ে ১১ নম্বরে শিকড় পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। তবে এসব ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে মেরাদিয়ায় চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে গিয়ে পড়ে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন চালক সবুজ মিয়া (৩০) । তাকে উদ্ধার করে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। খিলগাঁও থানার পরিদর্শক (অপারেশন) এম এ হাসান বলেন, সকালে অছিম পরিবহনের ঐ বাসে কয়েক জন দুর্বৃত্ত আগুন দেয়। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। সবুজের অবস্থা আশঙ্কাজনক জানিয়ে বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, তার (সবুজ) শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে, শরীরের ২৮ শতাংশ পুড়ে গেছে। মেরুলবাড্ডার আনন্দনগরে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন সবুজ। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার গোদারিয়ায়।
এদিকে রাত সোয়া ১০টায় দুর্বৃত্তরা রাজধানীর পলাশী মোড়ে একটি প্রাইভেটকারে আগুন দেয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এর আগে রাত ১০ টার দিকে কাওরান বাজার রেল ক্রসিংয়ের সামনে দুর্বৃত্তরা একটি পিকআপ ভ্যানের পেছনে থাকা সোফায় আগুন দেয়। পরে চালক সোফাটি গাড়ি থেকে ফেলে দিয়ে পিকআপ নিয়ে চলে যান।
অন্যদিকে সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর উত্তরা হাউজবিল্ডিং এলাকায় প্রধান সড়কে পুলিশের টহল গাড়িতে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি কাজী মো. হাসানকে হাতেনাতে আটক করা হয়েছে দাবি করে উত্তরা বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জ্যোতির্ময় সাহা বলেন, বিএনপি নেতাদের নির্দেশেই এই ককটেল নিক্ষেপ করার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন হাসান। পুলিশ জানায়, দুর্বৃত্তরা দুটি হাতবোমা ছুড়ে মারে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে। এর একটি বিস্ফোরিত হয় এবং আরেকটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে।
চট্টগ্রাম :অবরোধ ও হরতালে শহরে যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও মহাসড়কে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল করেনি। চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। বন্দরে পণ্য ওঠানামা হলেও পরিবহন সংকটে পড়ে। ভোরে পতেঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসটি শ্রমিক পরিবহনের জন্য অপেক্ষা করছিল। বাসটি ধুমপাড়া মোড়ে রেখে চালক মসজিদে গিয়েছিলেন নামাজ পড়তে। এ সময় বাসটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতার ও রিমান্ডে নেওয়ার প্রতিবাদে অবরোধের মধ্যেই রবিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। তবে দলটির নেতাকর্মীদের রাস্তায় পিকেটিং করতে দেখা যায়নি। আওয়ামী লীগের নেতাকর্মীরা নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অবস্থান নিয়ে সমাবেশ করেছেন।
সিলেট: সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচক জলকরকান্দি এলাকায় একটি খাদ্যপণ্যবাহী পিকআপ ভ্যানে আগুন দেয় পিকেটাররা। এ সময় পুলিশ ধাওয়া করে এক পিকেটারকে আটক করে। একই সময়ে সিলেট-জকিগঞ্জ সড়কের মানিপুর ও কাজলশাহ এলাকায় বিএনপি-জামায়াতের কয়েক জন নেতাকর্মী গাছ ফেলে ও শুকনো ডালে আগুন ধরিয়ে পিকেটিং করেন। সিলেট মহানগরের খাদিমনগরে পিকেটাররা গাড়ি ভাঙচুর করতে শুরু করলে পুলিশ এসে তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যান।
গাজীপুর: গাজীপুরের গ্যাস সিলিন্ডারবাহী একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে গাড়িটির সামনের অংশ পুড়ে গেছে। গতকাল ভোর ৬টার দিকে মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। ভোগড়া বাইপাস এলাকার একটি সিএনজি স্টেশন থেকে মীরেরবাজারের একটি কারখানার জন্য সিলিন্ডারে করে গ্যাস নিয়ে যাচ্ছিল ভ্যানটি।
খুলনা: রাতে রূপসা-বাগেরহাট পুরাতন সড়কের তালিমপুর ভূমি অফিস সংলগ্ন মসজিদের সামনে একটি পার্কিং করা বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কে বা কারা বাসে (খুলনা ব-৯১৭) আগুন দেয়। স্থানীয়রা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই বাসটি পুড়ে যায়।
খাগড়াছড়ি: সকাল ১০টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের আলুটিলা এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে ভোরে মাটিরাঙ্গা বাজার সড়কের ওপর টায়ার জ্বালিয়ে মিছিল করেন সমর্থকরা। এছাড়া তারা রামগড়-জালিয়াপাড়া সড়কের যৌথখামার এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে ব্যারিকেড দেন। পরে বিজিবি ও পুলিশের টহল গেলে অবরোধকারীরা পালিয়ে যান। সকাল সাড়ে ৯টার দিকে জেলা শহরের জিরোমাইল এলাকায় পাহাড়ের ওপর থেকে ইটপাটকেল ছুড়ে গাড়ি ভাঙচুর করার চেষ্টা করেন অবরোধ সমর্থকরা।
চরফ্যাশন (ভোলা): ভোরে উপজেলার মুখারবান্দা বাজারসংলগ্ন নতুন বাসস্ট্যান্ডের সামনে যমুনা এক্সপ্রেস পরিবহন নামের (ঢাকা মেট্রো ব-১৪-০০২১) একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বগুড়া: সকাল সোয়া ৮টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া শহরতলির প্রথম বাইপাসের বেলাইল তেলিপুকুর এলাকায় অবরোধ সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের ‘রাবার বুলেটে’ এক বিএনপি নেতা আহত হয়েছেন বলে দাবি করেছে বিএনপি। আহত নেতার নাম মাহবুব আলম। তিনি বগুড়া ১৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা। তবে গুলির অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
ঈশ্বরদী (পাবনা): সন্ধ্যা ৭টার দিকে ঈশ্বরদী রেলগেট এলাকায় পরপর সাতটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তেই রেলগেট থেকে শুরু করে বাজার এবং শহরের প্রধান প্রধান সড়কের সব দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় প্রাণভয়ে সাধারণ মানুষ ছোটাছুটি শুরু করে। এ সময় একটি ট্রাক ভাঙচুর ও রেললাইনের ওপর অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের শত শত নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে রেলগেটে পশ্চিম পাশে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর ব্যক্তিগত কার্যালয় ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্যসচিব মেহেদি হাসানের কার্যালয় ভাঙচুর করেন। পরে অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের করেন তারা।
নোয়াখালী: অবরোধ চলাকালে সকাল ৭টার দিকে চৌমুহনীর শহরের কালীতলা সড়কের মাথায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বেগমগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব মহিউদ্দিন ওরফে রাজুর (৩৩) ওপর হামলা চালিয়ে তাকে মারধর করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় পুলিশে সোপর্দ করে।