‘প্রাণের মানুষ, সহজ মানুষ’

অভিনয় ও নির্মাণে বরাবরই অনবদ্য অভিনেতা, নির্মাতা ও চিত্রশিল্পী আফজাল হোসেন। পাশাপাশি মাঝে মাঝে উপস্থাপনাতেও ছড়ান মুগ্ধতা। এবার গুণী এই ব্যক্তিত্ব উপস্থাপন করলেন আরেক গুণী মানুষ মোস্তফা কামাল সৈয়দ স্মরণে আয়োজিত ‘প্রাণের মানুষ, সহজ মানুষ মোস্তফা সৈয়দ’ নামক গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান।

গত শনিবার বিকেল ৪টায় চ্যানেল আইয়ের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গ্রন্থটির মোড়ক উন্মোচন ও মোস্তফা কামাল সৈয়দ স্মরণ অনুষ্ঠান। উন্মুক্ত আকাশের নিচে তৈরি করা মঞ্চে রবীন্দ্রসংগীতশিল্পী অণিমা রায়ের গানের মাধ্যমে অনিন্দসুন্দর এই প্রকাশনা অনুষ্ঠানটি শুরু হয়।

এরপর মঞ্চে আসেন দেশবরেণ্য অভিনেতা, নির্মাতা ও চিত্রশিল্পী আফজাল হোসেন। যার টেলিভিশন জীবনের এক গৌরবময় অধ্যায়ের রচনাকারও ছিলেন মোস্তফা কামাল সৈয়দ। কৃতজ্ঞচিত্তে সে কথা স্মরণও করেন তিনি। এছাড়া মঞ্চে দাঁড়িয়ে ‘প্রাণের মানুষ সহজ মানুষ মোস্তফা কামাল সৈয়দ’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, সাংবাদিক মাহফুজ আনাম, সুবর্ণা মুস্তাফা, মোস্তফা কামাল সৈয়দের প্রিয়তমা স্ত্রী জীনাত রেহানা, মেয়ে রেহনুমা কামাল, গ্রন্থটির সম্পাদক আরিফ খানসহ অনেকে।

এছাড়া মোস্তফা কামাল সৈয়দকে স্মরণ করে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদ, সংগীতশিল্পী শুভ্র দেব, শিল্পী সুবর্ণা মুস্তাফা, অভিনেতা খায়রুল আলম সবুজ, চিত্রনায়িকা চম্পা, চিত্রনায়ক ফেরদৌসসহ শোবিজের অনেক গণ্যমান্য ব্যক্তিত্ব। সূচনাপর্বে বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর এবং চ্যানেলটির পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। এছাড়াও অনুষ্ঠানের শুরুতে মোস্তফা কামাল সৈয়দের সহধর্মিনী জিনাত রেহানা ও শেষে মেয়ে রেহনুমা কামাল বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সকলেই অভিন্ন সুরে বলেন, ‘মোস্তফা কামাল সৈয়দ ছিলেন আমাদের টেলিভিশন মাধ্যমে আস্থা ও বিশ্বাসের নির্ভরযোগ্য ঠিকানা। নেপথ্যের কারিগর হিসেবে তিনি দেশের টেলিভিশন মাধ্যমকে এগিয়ে যাওয়ার সাহস ও শক্তি জুগিয়েছেন। টেলিভিশনের জন্য মেধাবী মানুষ ও মেধাবী শিল্পী তৈরির ক্ষেত্রে তার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’ ইমপ্রেস টেলিফিল্ম কর্তৃক প্রকাশিত এই গ্রন্থটির সম্পাদকম্ললীতে রয়েছেন ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ, আফজাল হোসেন ও আমীরুল ইসলাম।

এছাড়া বইটির প্রচ্ছদ করেছেন আফজাল হোসেন। সম্পাদনার দায়িত্ব পালন করেছেন সাংবাদিক ও নির্মাতা আরিফ খান। যেখানে মোস্তফা কামাল সৈয়দের ১৪৪ জন কাছের মানুষ, বন্ধুবান্ধব, সহকর্মী এবং আত্মীয়স্বজনরা লিখেছেন। আছে তার নিজের লেখা এবং অ্যালবাম। উল্লেখ্য, মোস্তফা কামাল সৈয়দ ২০২০ সালের মে মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত হন। তিনি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নির্মাতা। ১৯৬৭ সালে প্রযোজক হিসেবে টেলিভিশনে যোগ দেন। আর তারপর থেকে মৃত্যু পর্যন্ত তিনি যুক্ত ছিলেন টেলিভিশনের সঙ্গে।