মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লেখাপড়ার পাশাপাশি শিশুদের অনুপ্রাণিত করতে প্রতি বছরের ন্যায় এবারও বিজ্ঞানমেলা, অলিম্পিয়াড ও সাংস্কৃতিক সপ্তাহ-২০২৩ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ। সোমবার (৬ নভেম্বর) সকাল ১০ টায় প্রতিষ্ঠানটির ওয়ালিউর রহমান গাজী হলে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নজরুল সঙ্গীত শিল্পী ও নজরুল গবেষক বীর মুক্তিযোদ্ধা শাহীন সামাদ। এতে সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. ম. তামিম।

বিজ্ঞানমেলা, অলিম্পিয়াড ও সাংস্কৃতিক সপ্তাহ-২০২৩ পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ছবি: ইত্তেফাক

শিশুর সার্বিক বিকাশের অন্যতম অংশ হিসেবে গত ৩০ ও ৩১ অক্টোবর এ বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। এতে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের বাংলা ও ইংরেজি মাধ্যমের চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিজ্ঞান মেলার প্রজেক্টের সংখ্যা ছিল ২৩২ টি। আর ওয়াল ম্যাগাজিন ছিল ১১০টি।

আবৃত্তিতে প্রথম স্থান অর্জন করে প্রথম শ্রেণির শিক্ষার্থী রিয়ানা আন নিসা খন্দকার ইচ্ছে। ছবি: ইত্তেফাক

বিষয়ভিত্তিক জ্ঞান বিকাশ ও মেধার সর্বোচ্চ প্রকাশের সুযোগ করে দেয় অলিম্পিয়াড। অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছে বাংলা ও ইংরেজি মাধ্যমের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। 

শিশুদের মধ্যে সুস্থ সংস্কৃতি চর্চা বিকাশে বরাবরের মতো এবারও সাংস্কৃতিক সপ্তাহের আয়োজন করে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ। গান, নৃত্য, আবৃত্তিসহ আরও কিছু ক্যাটাগরিতে অংশ নেয় প্রতিষ্ঠানটির প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিশু শিক্ষার্থীরা।