অবরোধ চলাকালীন নোয়াখালী জেলার চাটখিলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে আগুন দেয়া হয়েছে। রোববার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাটখিল পৌরবাজার ডাকবাংলোর সামনে এ ঘটনা হয়। আগুনে পিকআপভ্যানের সামনের অংশ পুড়ে যায়।
জানা গেছে, পিকআপভ্যানটি ডাকবাংলোর সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিলো। সংঘবদ্ধভাবে এতে আগুন দেয়া হয়। পিকআপ থেকে দূরে থাকা লোকজন আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে। স্থায়ীনরা পিকআপের আগুন নেভাতে সক্ষম হয়। এ সময় দুর্বৃত্তরা পালিয়ে যায়।
চাটখিল থানার ওসি এমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় সেখান থেকে কয়েকটি ককটেল ও গাড়ির পাশ থেকে একটি পেট্রলের খালি বোতল উদ্ধার করে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। জড়িত থাকার সন্দেহে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।