কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রোল বোমা হামলায় হতাহতের ঘটনায় দায়ের করা মামলাসহ তিনটি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনুপস্থিত থাকায় চার্জ গঠনের তারিখ ফের পিছিয়েছেন আদালত।
সোমবার (৬ নভেম্বর) দুপুরে আসামি পক্ষের আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে তারিখ পেছান কুমিল্লা আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী কাজী নাজমুস সা’দাত ও কাইমুল হক রিংকু।
জানা গেছে, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে হরতাল-অবরোধ চলাকালে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আইকন পরিবহনের একটি নৈশ কোচ (ঢাকা মেট্রো-ব-১৪-৪০৮০) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় পৌঁছালে বাসে পেট্রল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় বাসে ঘুমিয়ে থাকা যাত্রীরা আগুনে পুড়ে ঘটনাস্থলে সাত জন ও চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও একজন মারা যান। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে ৩ ফেব্রুয়ারি বিকালে ৫৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭০ থেকে ৮০ জনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা করেন। ওই মামলায় ৭৮ জনকে আসামি করে ২০১৭ সালের ২ মার্চ আদালতে চার্জশিট দেন চৌদ্দগ্রাম থানার তৎকালীন এসআই মো. ইব্রাহিম। এ মামলার প্রধান আসামি জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এই মামলার ৫১ নম্বর আসামি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মামলায় কেন্দ্রীয় বিএনপি নেতাদের মধ্যে আছেন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সালাউদ্দিন আহমেদ, শওকত মাহমুদ, মনিরুল হক চৌধুরীসহ অনেকে।
একই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের অপর একটি মামলাও একই শুনানিতে অন্তর্ভুক্ত ছিল। অপরদিকে ২০১৫ সালে চৌদ্দগ্রামের হায়দারপুল এলাকায় কাভার্ডভ্যান পোড়ানোর ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের আরও একটি মামলার শুনানি একই সঙ্গে আদালতে অনুষ্ঠিত হবে।
মামলার আসামি পক্ষের আইনজীবী কাজী নাজমুস সা’দাত বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে আদালতের নির্দেশে সরকারের হেফাজতে আছেন। তাই তাকে উপস্থিত করার দায়িত্ব সরকারের। এছাড়াও তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা আদালতে আবেদন করেছি, যেহেতু খালেদা জিয়া অসুস্থতাসহ নানান কারণে অনুপস্থিত তাই যেন চার্জ গঠনের তারিখ পেছানো হয়। আমাদের আবেদন গ্রহণ করা হয়েছে। চার্জ গঠনের তারিখ পেছানো হয়েছে। তবে আমাদেরকে পরবর্তী তারিখ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। এর আগে গত ২০ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অনুপস্থিত থাকায় চার্জ গঠনের তারিখ পিছিয়ে ছিল আদালত। এনিয়ে তিনবার চার্জ গঠনের তারিখ পেছানো হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী নাজমুস সা’দাত। আসামি পক্ষের আরেক আইনজীবী কাইমুল হক রিংকু বলেন, আজকে হত্যা মামলাটি চার্জের জন্য ছিল, কিন্তু বেগম খালেদা জিয়াকে উপস্থিত করতে না পারায় তা পরবর্তী চার্জ শুনানির জন্য তারিখ ধার্য করেছেন আদালত। আর বাকি দু’টি মামলা ট্রায়ালের জন্য এখনো প্রস্তুত হয়নি।