চার দিনে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আলু এলো ১১১০ টন

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে গত চার দিনে আলু আমদানি হয়েছে ১১১০ টন। 

সোনামসজিদ কাস্টমসের তথ্যানুযায়ী, সর্বশেষ সোমবার (৬ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ বন্দর দিয়ে আলু এসেছে সাত ট্রাকে ২০৯ টন। এর আগের তিন দিনে আলু আমদানি হয় ৯০১ টন।

সোমবার ৪৭ ট্রাকে ১৪ হাজার ১৭ টন পেঁয়াজ এসেছে এ বন্দর দিয়ে। আর আগের তিন দিনে পেঁয়াজ আমদানির পরিমাণ ২৬ হাজার ৯৫ টন।

গেল চার দিনে ধারাবাহিকভাবে পেঁয়াজ ও আলুর আমদানিতে প্রভাব পড়েছে চাঁপাইনবাবগঞ্জের বাজারগুলোতে। কমেছে এ দুটি পণ্যের দাম, এতে ক্রেতাদের মাঝে কিছুটা হলেও ফিরেছে স্বস্তি।

স্থানীয় প্রশাসন সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি হওয়া আলু ও পেঁয়াজসহ পচনশীল খাদ্যপণ্য দেশের অভ্যন্তরে নিরাপদে পৌঁছাতে পণ্যবাহী ট্রাকগুলোর চলাচলে বিজিবি পুলিশ নিরপত্তার ব্যবস্থা করেছে।