বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (বিএসএমএমইউ) প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই পুনর্মিলনী।
রোববার (৫ নভেম্বর) দুপুরে বিএসএমএমইউর মিল্টন হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিএসএমএমইউ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সভাপতি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
অধ্যাপক শারফুদ্দিন আহমেদ জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটিই হবে প্রথম রিইউনিয়ন। অ্যালামনাই একটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অংশ। এই বিশ্ববিদ্যালয়ে এতদিন অ্যালামনাই অ্যাসোসিয়েশন ছিল না। তার হাত ধরেই ২০২২ সাল থেকে এই অ্যাসোসিয়েশন যাত্রা শুরু হয়।
বিএসএমএমইউ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সদস্য সচিব অধ্যাপক ডা. শহীদুল্লাহ্ সবুজ বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগে এই প্রতিষ্ঠানের নাম ছিল আইপিজিএমএন্ডআর। জন্মলগ্ন থেকে আজ অবধি এই প্রতিষ্ঠান অসংখ্য চিকিৎসককে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে। অনেকেই দেশের গন্ডি পেরিয়ে পাড়ি জমিয়েছেন বিদেশে। একটি নিখুঁত আয়োজনের মধ্য দিয়ে সবাইকে নিয়ে একটি সুন্দর পুনর্মিলনের সুযোগ করে দেওয়াই আমাদের উদ্দেশ্য। সবার সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এই আয়োজনকে সর্বোচ্চ সুন্দর ও সফল করে তুলতে পারে।
আয়োজকেরা জানান, গেল ১ নভেম্বর থেকে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে রিইউনিয়নের রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করেন বিএসএমএমইউ এর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। অনলাইন ও অফলাইনে (সরাসরি এলামনাই অফিসে এসে) এই রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। ইতোমধ্যে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। এই বিশ্ববিদ্যালয় ও সাবেক আইপিজিএমএন্ডআর থেকে যারা এমডি, এমএস, এমফিল, ডিপ্লোমা, এমপিএইচ, এমবিবিএস, বিএসসি, এমএসসি প্রভৃতি পোস্টগ্রাজুয়েট ডিগ্রি সম্পন্ন করেছেন তারা সকলেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বাররাও এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য বলে জানান আয়োজকেরা।