আন্তর্জাতিক মধ্যস্থতায় বিএনপির নির্বাচনে যাওয়া উচিত: মেজর হাফিজ   

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আন্তর্জাতিক মধ্যস্থতার মাধ্যমে বিএনপির নির্বাচনে যাওয়া উচিত। বিএনপি নির্বাচনে গেলে সেই নির্বাচনে অংশ নেওয়া যাবে।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

শারীরিকভাবে অসুস্থ জানিয়ে তিনি আরও বলেন, ‘আপাতত আমি রাজনৈতিক পরিস্থিতির খবর রাখতে পারছি না। কারণ, আমি শারীরিকভাবে খুব অসুস্থ। রাজনীতির খবর রাখার মতো শারীরিক অবস্থা আমার নেই।’ এ সময় তিনি আরও জানান, চিকিৎসার জন্য শিগগিরই বিদেশ যাচ্ছেন।

আসন্ন নির্বাচনের বিষয়ে মেজর হাফিজ বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণা হলে তখন রাজনীতির দিকে নজর দেব, যদি আমার শরীর সুস্থ থাকে।’ 

একাত্তরে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের নেতৃত্বাধীন ‘জেড’ ফোর্সে ছিলেন মেজর হাফিজ। যুদ্ধে সাহসিকতার জন্যে তিনি বীর বিক্রম খেতাব পান। সামরিক বাহিনী থেকে অবসরের পর তিনি রাজনীতিতে যুক্ত হন। হাফিজ‍ উদ্দিন আহমেদ ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) থেকে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।