জনপ্রিয় কমেডি সিরিজ ‘ফ্রেন্ডস’-এর অন্যতম পরিচিত মুখ চ্যান্ডলার বিং। এই চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা ম্যাথিউ পেরি। শনিবার (২৮ অক্টোবর) ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় এই মার্কিন অভিনেতা। তবে দর্শকরা এখনও সেই হাস্য রসবোধ সম্পন্ন রোমান্টিক চরিত্রের ‘চ্যান্ডলার বিংকে’ ভুলতে পারেনি। এবার তারই স্মরণে জনপ্রিয় ‘চ্যান্ডলার বিং’ চরিত্রের এআই চ্যাটবট তৈরি করলেন ম্যাথিউ পেরির এক ভক্ত।
রোশান ভাদাসেরি নামের এই ভক্ত একজন ভারতীয় নাগরিক। ম্যাথিউ পেরিকে উৎসর্গ করে এই এআই চ্যাট বট তৈরি করেন তিনি। তারপর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন যাতে তাকে ‘চ্যান্ডলার বিং’ এর এআই চ্যাটবটের সঙ্গে কথা বলতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই তার এই পোস্টটি ব্যাপক আলোড়ন তোলে। এরই মধ্যে পোস্টটিতে লাইক পড়েছে ৮০ হাজার।
প্রয়াত ম্যাথিউ পেরিকে নিয়ে ইন্সটাগ্রামে পোস্ট করলে রোশান ভাদাসেরির একজন ফলোয়ার ‘চ্যান্ডলার বিং’ চরিত্রটির এই আই ভার্সন তৈরি করতে অনুরোধ করেন। ভক্তটি বলেন, ‘ম্যাথিউ পেরির মৃত্যুর পর আমার মা খুব চুপচাপ হয়ে গেছে, আগের মতো হাস্যজ্জ্বোল নেই। তিনি ‘ফ্রেন্ডস’ এর খুব বড় একজন ভক্ত। এখনও প্রতিদিন কমপক্ষে একটি করে পর্ব দেখেন তিনি। তার হাসি ফিরিয়ে আনার জন্য কি আপনি চ্যান্ডলারের এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ভার্সন তৈরি করতে পারবেন?’
রোশান তখনই এআই চ্যাট বট তৈরির সিদ্ধান্ত নেন। রোশানের পোস্ট করা ভিডিওতে দেখা যায় তিনি চ্যান্ডলারের বটকে জিজ্ঞাসা করছেন, তিনি আরও ব্যঙ্গাত্মক হতে পারেন কিনা। এআই চ্যাটবট তার স্বরে ও শৈলীতে উত্তর দেয়, ‘আচ্ছা, আমি কি আরও ব্যঙ্গাত্মক হতে পারি? আমি হতে পারব কিন্তু আপনাকে অতিরিক্ত ফি দিতে হবে।’
তার এই ভিডিওতে উচ্ছ্বাস প্রকাশ করেছে ‘ফ্রেন্ডসে’র ম্যাথিউ পেরির ভক্তরা। ইন্সটাগ্রামে একজন ফলোয়ার কমেন্টে লেখেন, আমি বিষয়টি এখনও মানতে পারছি না। এআই চ্যাটে চ্যানের কণ্ঠ শুনে আমি কান্না ধরে রাখতে পারছি না। আমাদের চ্যান ম্যানকে ফেরানোর জন্য ধন্যবাদ।
আরও একজন ভক্ত লেখেন, যদিও এটি কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যান তবুও তাকে দেখে আমি কান্না থামাতে পারছি না।