বিএনপি না আসলেও তৃণমূল বিএনপি নির্বাচনে অংশ নিবে: শাজাহান খান

বিএনপি না আসলেও আগামীতে তৃণমূল বিএনপি নির্বাচনে অংশ নিবে। আর সেখানে বিএনপির অনেক বড় বড় নেতারা লাইন ধরে অংশ নিবে। কারণ বিএনপি বর্তমানে অস্তিত্ব সংকটে রয়েছে। অনেক নেতাকে পুলিশ খুঁজছে। এমনটাই মন্তব্য করেছেন আ’লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান। 

মঙ্গলবার (৭ নভেম্বর) বিকালে মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
 
শাজাহান খান আরও বলেন, বিএনপির এখন জনগনের উপর আস্তা নেই। যে কারণে বিএনপির নেতা শাজাহান ওরম বলেছে, পিটার হাস তাদের জন্যে অবতার হয়ে এসেছে। তার মানি পিটার হাস বিএনপির কাছে দেবতা হয়ে এসেছে। এই কথা তাদেরই মুখের কথা। আওয়ামী লীগের কাছে জনগণই আসল শক্তির উৎস।

শাজাহান খান এ সময় বিএনপির অবরোধ-হরতাল প্রসঙ্গে বলেন, বিএনপির অবরোধ হরতাল এ দেশের মানুষ প্রত্যাখান করেছে। যে কারণে স্বাভাবিকভাবেই সব কিছু চলছে। আগামীতে গাড়ি ভাঙচুর করলে তাদের হাত পুড়িয়ে দেওয়া হবে। কারণ এক একটি গাড়ি কোটি টাকার ওপরে। বাস মালিকদের এমন ক্ষতি সহ্য করা হবে না।

শাজাহান খান এ সময় হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিয়নের উদ্যোগে ও হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান সভাপতিত্বে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও বির্তক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 

সভায় মূখ্য আলোচক ছিলেন হাইওয়ে পুলিশের ডিআইজি (পশ্চিম বিভাগ) এনডিসি আতিকা ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান। সভায় তত্ত্বাবধানে ছিলেন হাইওয়ে মস্তফাপুর থানার ওসি মারুফ রহমান।