এর আগে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরির কাছে গিয়েও তিন অঙ্কের দেখা পাননি আফগান ওপেনার ইব্রাহিম জাদরান। তবে বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে এসে তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পান এই ওপেনার।
গতকাল বিশ্বকাপের সেমিফাইনালের টিকে থাকার লড়াইয়ে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪৩ বল খেলে ৮টি চার এবং ৩টি ছয়ে অপরাজিত ১২৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন এই আফগান ওপেনার। চলতি বিশ্বকাপে আট ম্যাচ খেলে মোট ৩৬১ রান করেন ইব্রাহিম জাদরান।
অজিদের বিপক্ষে মাঠে নামার আগে গত পরশু আফগানিস্তানের অনুশীলনে হটাত্ হাজির হন ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার। যেই টেন্ডুলকারের রয়েছে টেস্ট ৫১ এবং ওয়ানডে ৪৯টি সেঞ্চুরি। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এই কিংবদন্তির আছে ১০০ সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে আফগানিস্তানের খেলোয়াড়দের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন তিনি এবং শচীনকে আলাদাভাবে কথা বলতে দেখা যায় আফগান ওপেনার ইব্রাহিম জাদরানের সঙ্গে।
হয়তো এই কিংবদন্তির টোটকা কাজে লাগিয়ে ইব্রাহিম জাদরান দেখা পান তার ওয়ানডে ক্যারিয়ারে পঞ্চম এবং বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরি। এর আগে ২০২২ সালে হারারে জিম্বাবুয়ের বিপক্ষে নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান তিনি।
এরপর একই বছরে শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেতে ক্যারিয়াদের দ্বিতীয় এবং তৃতীয় সেঞ্চুরির দেখা পায় এই ওপেনার। বিশ্বকাপের আগে সর্বশেষ চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে তার ক্যারিয়ারের চতুর্থ শতকের দেখা পান ইব্রাহিম জাদরান।
সেঞ্চুরি করার পর ইব্রাহিম জাদরান বলেন, ‘বিশ্বকাপে আফগানিস্তানের প্রথম সেঞ্চুরি করতে পেরে আমি দারুণ অনুভব করছি। আমি এই টুর্নামেন্টের জন্য সত্যিই কঠোর পরিশ্রম করেছি, আমি পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি মিস করেছি কিন্তু আজ তা পেরেছি। আমি আমার কোচিং স্টাফদের সঙ্গে কথা বলেছিলাম এবং আমি তাদের বলেছিলাম যে আমার মনে হচ্ছে আমি পরের তিন ম্যাচে সেঞ্চুরি করব। উইকেট ভালো লাগছে, বল খুব ভালো আসছে। আমরা যদি ভালো পার্টনারশিপ করতাম এবং উইকেট হাতে রাখতাম, আমরা ৩৩০ রান করতাম কিন্তু আমরা কয়েকটি উইকেট হারিয়েছিলাম এবং যে ধরনের পার্টনারশিপ খুঁজছিলাম (আমরা খুঁজছিলাম) কিন্তু রশিদ শেষ পর্যন্ত ভালো খেলেছে। প্রতিটি প্রতিপক্ষের জন্য আমাদের পরিকল্পনা রয়েছে এবং এই স্কোরটি করাই আমাদের লক্ষ্য ছিল। আমরা ভালো বোলিং করার চেষ্টা করব।’
অজিদের বিপক্ষে মাঠে নামার আগে গত পরশু অনুশীলনের ফাঁকে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সঙ্গে কি কথা হয়েছে সেই বিষয়ে জাদরান বলেন, তার সঙ্গে (শচীন টেন্ডুলকার) আমার ভালো আড্ডা হয়েছিল; সে তার অনেক অভিজ্ঞতা শেয়ার করেছে এবং আমি ম্যাচের আগে বলেছিলাম যে আমি আজ শচীনের মতো ব্যাট করব; তিনি আমাকে অনেক শক্তি এবং আত্মবিশ্বাস দিয়েছেন।’