৪২৮/৫, ৩৯৯/৭, ৩৮২/৫, ৩৫৭/৪—এবারের বিশ্বকাপেই দলীয় এই ইনিংসগুলো খেলেছে দক্ষিণ আফ্রিকা। সেই দক্ষিণ আফ্রিকাই গত ৫ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনসে ভারতের বিপক্ষে অলআউট হয়েছে মাত্র ৮৩ রানে। ৩২৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১০০-এর নিচেই গুঁড়িয়ে গিয়ে ম্যাচ হেরেছে ২৪৩ রানের বিশাল ব্যবধানে।
বিশাল এই হারই ব্যাটে ঝড় তুলে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকার জন্য বড় লজ্জাজনক ব্যাপার। প্রোটিয়াদের মাথা নুইয়ে গেছে। কুইন্টন ডি কক, টেম্বা বাভুমাদের হজম করতে হচ্ছে সমালোচনার তির। প্রোটিয়াদের সেই কাঁটা গায়ে আবার নুনের ছিটা দিয়েছেন ভারতের পেসার মোহাম্মেদ সামি। মাঠে নাস্তানুবাদ করার পর সামি মুখেও আঘাত করেছেন প্রোটিয়াদের। দিয়েছেন ‘৪০০’-এর খোঁচা।
দক্ষিণ আফ্রিকাকে ৮৩ রানে ধসিয়ে দেওয়ার বড় নায়ক ছিলেন স্পিনার রবীন্দ্র জাদেজা। তিনি তুলে নেন ৫ উইকেট। ১৮ রান খরচায় ২ উইকেট নিয়ে প্রোটিয়াদের ধ্বংস করতে অবদান রেখেছেন সামিও। তবে বল হাতে যতটা আঘাত তিনি দিয়েছেন, তার চেয়েও বড় আঘাতটা করেছেন মুখে।
ম্যাচ শেষে স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাত্কারে খোঁচাটা মেরেছেন সামি। হিন্দিতে বলেছেন, ‘প্রতি ম্যাচে ৪০০ করা দলটির অবস্থা কী দেখো!’ সামি অবশ্য মজা করেই কথাটা বলেছেন। কিন্তু তার মজার ছলে ছোড়া মুখের তিরটা লজ্জাজনক হারে প্রোটিয়াদের ক্ষতবিক্ষত বুকে হয়তো শেল হয়ে বিঁধেছে!