বঙ্গবন্ধু রপ্তানি ট্রফি পেল হা-মীমের রিফাত গার্মেন্টস 

রপ্তানিতে ২০২০–২১ অর্থবছরে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি ও সনদ পেল হা–মীম গ্রুপের প্রতিষ্ঠান রিফাত গার্মেন্টস লিমিটেড।

বুধবার (৮ নভেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রধান অতিথি হিসেবে ট্রফি তুলে দেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, ইপিবির ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান। এ ছাড়া ট্রফি প্রাপ্তদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআইর সাবেক সভাপতি এ. কে. আজাদ এবং প্রাণ ডেইরি লিমিটেড-এর পরিচালক (কর্পোরেট ফিন্যান্স) উজমা চৌধুরী।

উল্লেখ্য, তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠান রিফাত গার্মেন্টস লিমিটেড এর আগে ২০১৮–১৯ অর্থবছরে সর্বোচ্চ রপ্তানির জন্য বঙ্গবন্ধু রপ্তানি ট্রফি পেয়েছিল। এবার বঙ্গবন্ধু রপ্তানি ট্রফি ছাড়াও তৈরি পোশাক, সুতা, কাপড়, ওষুধ, পাটসহ বিভিন্ন রপ্তানি খাতে হা–মীম গ্রুপের আরেক প্রতিষ্ঠান হা–মীম ডেনিমসহ ৭২টি প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি দেওয়া হয়।