কর্মক্ষেত্রে শুদ্ধাচার চর্চার স্বীকৃতি স্বরূপ ভূমি মন্ত্রণালয়ের পাঁচ জন গণকর্মচারী ২০২২-২৩ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন। পুরস্কারপ্রাপ্তরা হলেন- ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. নজরুল ইসলাম, উপসচিব ড. মো. রাজ্জাকুল ইসলাম, ব্যক্তিগত কর্মকর্তা মো. শাহ জামাল, অফিস সহায়ক মো. আব্দুল বাছেদ এবং অফিস সহায়ক হাবিবা আক্তার।
মঙ্গলবার (৭ নভেম্বর) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা সনদ ও স্মারক তুলে দেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি সচিব মো. খলিলুর রহমান। অনুষ্ঠানে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, কর্মক্ষেত্রে শুদ্ধাচার নিশ্চিত করা স্মার্ট সরকার স্থাপনে অপরিহার্য। আমাদের নিজ নিজ ক্ষেত্রে এমনভাবে কাজ করতে হবে যা কর্মক্ষেত্রে আমাদের অনুজদের অনুপ্রাণিত করে।