পৃথক সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু

বিভিন্ন স্থানে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বুধবার দুপুর পর্যন্ত সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় স্কুলছাত্র সাইকেল আরোহী সিয়াম (৮) নিহত হয়েছে। বুধবার বেলা দেড়টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের গোকুলখালী-কুলপালা নামক গ্রামের মাঝামাঝি স্থানে ঘটে এ দুর্ঘটনা। নিহত সিয়াম গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র ছিল। সে আলমডাঙ্গা উপজেলার চিত্লা ইউনিয়নের কয়রাডাঙ্গা গ্রামের জামাত আলীর ছেলে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, স্কুলছাত্রের লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

মীর্জাগঞ্জ (পটুয়াখালী): মীর্জাগঞ্জে ট্রাকের ধাক্কায় ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন আরও দুই জন। বুধবার সকালে বাকেরগঞ্জ-বরগুনা সড়কে মীর্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া সিংবাড়ি নামক স্থানে ঘটনাটি ঘটে। কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সেলিম মিয়া, ইউপি সদস্য মনিন্দ্র চন্দ্র হাওলাদার ও মো. নুরুজ্জামান রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময়ে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাক তাদেরকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে গেলে চিকিৎসক ইউপি সদস্য মনিন্দ্র চন্দ্রকে মৃত ঘোষণা করেন।  

মীর্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

লোহাগড়া (নড়াইল): লোহাগড়া-লক্ষ্মীপাশা-মহাজন সড়কের রাজুপুর এলাকায় ট্রাকের ধাক্কায় জনি আহম্মেদ শেখ (১৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহত জনি আহম্মেদ উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা গ্রামের মিজানুর রহমান শেখের ছেলে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, ঘাতক ট্রাক জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে।

মেলান্দহ (জামালপুর): মেলান্দহে সিএনজিচালিত আটোরিকশার ধাক্কায় পথচারী আব্দুল করিম (৭৫) নিহত হয়েছেন। নিহত ব্যক্তি চরপলিশা নলেরচর তালতলার নিয়ামতুল্লাহ সরকারের ছেলে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের তালতলা মোড়ে দুর্ঘটনাটি ঘটে। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।