সরকারের রাজস্ব আয়ের অন্যতম প্রতিষ্ঠান দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরের কাস্টমস অফিসে রয়েছে জনবল সংকট। প্রায় অর্ধেক জনবলে চলছে কাস্টমস অফিসের কাজ। ফলে নানা সমস্যায় পড়তে হচ্ছে সংশ্লিষ্ট অফিসকে।
কাস্টমস অফিস সূত্রে জানা গেছে, সোনামসজিদ স্থল বন্দরের কাস্টমস অফিসে জনবলের সংখ্যা রয়েছে মোট ৫৭ জন। পদগুলি হলো জয়েন্ট কমিশনার পদে একজন, ডেপুটি সহকারী কমিশনার পদে চার জন, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার পদে একজন, রিভিনিউ অফিসার পদে ছয় জন, অ্যাসিস্ট্যান্ট রিভিনিউ অফিসার পদে ২০ জন, আপার ডিভিশন সহকারী পদে তিন জন, ক্যাশিয়ার পদে এক জন স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটার পদে এক জন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার পদে এক জন, সাব ইন্সপেক্টর পদে এক জন, ড্রাইভার পদে তিন জন, সিপাই পদে ১২ জন, এম এল এস এস পদে এক জন, নাইট গার্ড পদে একজন। এ পদগুলোর মধ্যে কর্মরত আছেন ৩০ জন। ঘাটতি রয়েছে ২৭ জন। শুন্যপদগুলো হলো—ডেপুটি কমিশনার পদে তিন জন, রিভিনিউ পদে দুই জন, অ্যাসিস্ট্যান্ট রিভিনিউ অফিসার পদে ৯ জন, ড্রাইভার পদে দুই জন, সিপাই পদে দুই জন, এম এল এস এস পদে দুই জন।
এ ব্যাপারে সোনামসজিদ স্থল বন্দরের কাস্টমস অফিসের ডেপুটি কমিশনার প্রভাত কুমার সিংহ বলেন, ‘পদগুলোর ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে। আশা করি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খুব শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’