তৃতীয় দফার অবরোধে পুড়ল ১৬ যানবাহন

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা তৃতীয় দফা অবরোধে বুধবার ভোর থেকে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত ১৬টি যানবাহনে আগুন দেওয়া হয়। 

শুক্রবার (১০ নভেম্বর) সকালে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত বুধবার সকাল ৬টা থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা সারা দেশে ১৬টি যানবাহনে আগুন দিয়েছে। পরিসংখ্যানে দেখা গেছে, সারা দেশে প্রতি তিন ঘণ্টায় একটি করে পরিবহন এবং প্রতি চার ঘণ্টায় একটি করে বাসে আগুনের ঘটনা ঘটেছে। এদিকে ঢাকা সিটিতে প্রায় ছয় ঘণ্টায় একটি করে বাসে অগ্নিকাণ্ড ঘটে।

সারা দেশে ১৬টি আগুনের ঘটনার মধ্যে রাজধানীতে (হাজারীবাগ, তাঁতিবাজার, কাকলী, মিরপুর, দিয়াবাড়ী, ধানমণ্ডি, বারিধারা ও মাতুয়াইল) সাতটি, ঢাকা বিভাগে (গাজীপুর) তিনটি, চট্টগ্রাম বিভাগে (খাগড়াছড়ি) একটি, রাজশাহী বিভাগে (শিবগঞ্জ, বগুড়া) একটি, বরিশাল বিভাগে (গৌরনদী, বরগুনা) দুটি ও চট্টগ্রাম বিভাগে (নোয়াখালী) একটি ঘটনা ঘটে। এ ঘটনায় ৯টি বাস, চারটি কাভার্ড ভ্যান ও দুটি ট্রাক পুড়ে যায়।

বৃহস্পতিবার সকালে রাজধানীতে আগের দিনের চেয়ে যানবাহনের চাপ বেশি ছিল। সন্ধ্যায় যানবাহনের চাপ আরো বেড়ে যায়। আবার কোনো কোনো সড়কে যানজট দেখা গেছে। তবে গত কয়েক দিনের মতো গতকালও দূরপাল্লার বাস খুব একটা ছাড়েনি।