জার্মানির স্কুলে গুলিতে এক শিক্ষার্থী নিহত

জার্মানির এক স্কুলে বৃহস্পতিবার এক শিক্ষার্থীর গুলিতে আরেক শিক্ষার্থী নিহত হয়েছে৷ হামলাকারীকে আটক করা হয়েছে৷ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অফেনবুর্গ শহরের এক স্কুলে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে৷ নিহত ও হামলাকারী দুজনেরই বয়স ১৫৷

তদন্তকারীরা বলছেন, হামলাকারী দুপুরের দিকে শ্রেণিকক্ষে ঢুকে ঐ শিক্ষার্থীর কাছে গিয়ে বন্দুক দিয়ে গুলি করে৷ পরে ঐ শিক্ষার্থী হাসপাতালে মারা যায়৷ হামলার সময় স্কুলে প্রায় ১৮০ শিক্ষার্থী ছিল৷ তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়৷

পুলিশ এবং প্রসিকিউটররা মনে করছেন, সন্দেহভাজন একাই হামলাটি পরিচালনা করেছে৷ অভিযুক্ত অপরাধী ও নিহত শিক্ষার্থী একে অপরকে আগে থেকে চিনতো বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে৷

দুই নাবালকের মধ্যে দ্বন্দ্বের পেছনে ‘ব্যক্তিগত উদ্দেশ্য' থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে৷ বৃহস্পতিবার অফেনবুর্গে এই ঘটনার আগের দিন হামবুর্গের এক স্কুলে দুই শিশু বন্দুক দেখিয়ে শিক্ষককে হুমকি দিয়েছিল৷ ঐ ঘটনায় কেউ হতাহত হয়নি৷

জার্মানিতে বন্দুক হামলা তুলনামূলকভাবে বিরল ঘটনা৷ তবে গত কয়েক মাসে প্রাণঘাতী কয়েকটি ঘটনা ঘটেছে যেগুলোর সঙ্গে তরুণরা জড়িত ছিল৷