‘দেখুন, আমাদের সময়ও আমরা শুনেছি, এখন ভালো গান হচ্ছে না, আগের গান ভালো ছিল। আসলে এই কথাটি সাইকেলের মতো। কিন্তু সময়ই আসলে বলে দেয় কোন গানটা ভালো আর কোনটা খারাপ। এটাও সত্য যে, আমাদের জেনারেশন ভালো কিছু কাজ করেছে বলেই নব্বইয়ের দশকের শ্রোতারা সেই গানগুলো দারুণ এনজয় করেছেন। এখনকার জেনারেশনের গান নিয়ে আমি কিছু বলতে পারছি না। তাদের গানের বিচার হবে ২০ বছর পর।’—বর্তমান সময়ের গানের মূল্যায়ন কীভাবে করেন এমন প্রশ্নে কথাগুলো বলেন নব্বইয়ের দশকের অনেক কালজয়ী গানের স্রষ্টা আশিকুজ্জামান টুলু।
এক সময় ‘চাইম’ ও ‘আর্ক’ ব্যান্ডের এই কান্ডারি ৪ বছর পর সম্প্রতি কানাডায় থেকে দেশে ফিরেছেন। দীর্ঘ সময় পর দেশে পা রেখেই নতুন একাধিক কাজে যুক্ত হয়ে পড়েছেন তিনি। পাশাপাশি অর্জনের ঝুলিতেও জমা করেছেন আরও একটি পুরস্কার।
টুলু বলেন, ‘আসলে মাতৃভূমিতে আসাটা বরাবরই অনেক আনন্দের। এবার বেশকিছু কাজ নিয়ে দেশে এলাম। এরইমধ্যে একটি অ্যাওয়ার্ড পেলাম। শেরেবাংলা একে ফজলুল হকের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা ফজলুল হক পিস অ্যাওয়ার্ড-২০২২ পেয়েছি। এর আগে অনেক পুরস্কার ও সম্মাননা পেলেও এবারের অনুভূতিটা একটু আলাদা। কারণ যার উপলক্ষে এ অ্যাওয়ার্ড পেয়েছি, তিনি এমন একজন পার্সোনালিটি, দেশের জন্য যিনি অনেক অবদান রেখেছেন। তাই এ অ্যাওয়ার্ড প্রাপ্তি আমার জন্য অনেক সম্মানের।’
নিজের নতুন কাজ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘সত্যি বলতে, এত অল্প সময়ের জন্য দেশে এসে আসলে মনের মতো করে কাজ করা কঠিন। কারণ মিউজিক অল্প সময়ের বিষয় নয়। তবু চেষ্টা করছি একটি-দুটি গান করার। আসিফ ইকবালের সঙ্গে কাজ করছি। দেখা যাক, এ সময়ের মধ্যে সেই গানগুলো কমপ্লিট করতে পারি কি-না।’
গুণী এই সুরস্রষ্টা দেশের বাইরে থাকলেও সংগীতকে কখনোই দূরে সরিয়ে রাখেননি। নিয়মিতই কাজ করছেন বাংলা গান নিয়ে। শুধু তাই নয়, মাঝে মেয়ের জন্যও একটি গানে সুর করেন আশিকুজ্জামান। গানটি দর্শকমহলে বেশ সাড়াও ফেলেছিল।
মেয়ের জন্য কাজ করার সেই অনুভূতি প্রকাশ করতে গিয়ে টুলু বলেন, ‘মেয়ের জন্য কাজ করার আনন্দ সম্পূর্ণ আলাদা। অদ্ভুত এক আনন্দ। এমনকি ছেলের জন্য কাজ করার চেয়ে মেয়ের জন্য কাজ করা অনেক বেশি আদরের। কারণ বাপদের আদর বেশি থাকে মেয়েদের জন্য। আবার মায়েদের আদর বেশি থাকে ছেলেদের প্রতি। এটা কেন হয় জানি না।’ তবে এটাও সত্য, আমার ছেলেমেয়েরা আমার গান খুব এনজয় করে। ওরা আমার গান শোনে। কাজগুলো এনজয় করে। তবে ওরা আমার কাজ অনুসরণ করে না।’