পুলিশের পর এবার প্রশাসনেও পদোন্নতি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পুলিশের পর এবার প্রশাসনেও বড় ধরনের পদোন্নতি দিয়েছে সরকার। প্রশাসন ক্যাডারের ১৭৮ জন এবং অন্যান্য ক্যাডারের ৬২ জন কর্মকর্তা উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন।

শনিবার (১১ নভেম্বর) উপসচিব পদে ২৪০ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর মধ্যে প্রথম প্রজ্ঞাপনে ২৩১ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পর তাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিদেশে বিভিন্ন দূতাবাস ও মিশনে থাকা ৯ জন সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয় কর্মকর্তাদের প্রেষণ পদের বেতন স্কেল উন্নীত করে আদেশ জারি করবে। আদেশ জারির পর পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা উন্নীত পদে যোগদান করে যোগদানপত্র নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করবেন। পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা উন্নীত পদে যোগদানের তারিখ থেকে এ পদের বেতন-ভাতা প্রাপ্য হবেন। তবে বৈদেশিক ভাতা এবং বিনোদন ভাতার ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাস/মিশনের মূল পদের নির্ধারিত হার প্রযোজ্য হবে।

এতে আরও এক হয়, সংশ্লিষ্ট কর্মকর্তার বদলি বা অন্য কোনো কারণে পদ শূন্য হওয়ার আগ পর্যন্ত উন্নীত বেতন স্কেল বহাল থাকবে।