ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিরসরাইয়ের বড়দারোগাহাট এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অন্য একটি ট্রাকের ধাক্কায় এক হেল্পার নিহত হয়েছেন।
শনিবার (১১ নভেম্বর) সকালে মহাসড়কের চট্টগ্রামমুখী অংশে এ দুর্ঘটনা ঘটে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক বলেন, ‘শনিবার সকালে মহাসড়কের বড়দারোগাহাট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে আসা আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এ সময় পেছনে থাকা ট্রাকের হেল্পার সামনে থাকা ট্রাকের নিচে চাপা পড়েন। পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ওই হেল্পারের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’
কুমিরা হাইওয়ে থানার এসআই আলমগীর হোসেন বলেন, ‘মহাসড়কের বড় দারোগারহাট এলাকায় অবৈধভাবে পার্কিং করে দাঁড়িয়ে একটি ট্রাকের পেছনে দ্রুতগতিতে আসা অন্য একটি ট্রাক ধাক্কা দেয়। এতে পেছন থেকে আসা ট্রাকের ধাক্কায় হেল্পার ঘটনাস্থলে নিহত হন। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। চালকের চোখে ঘুম থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ট্রাক দুটিরই চালক দুর্ঘটনার পর পর পালিয়ে গেছেন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।’