কাপাসিয়ায় গত শুক্রবার রাতে দুই কৃষকের ৯টি গরু চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে চাঁদপুর ইউনিয়নের ধরপাড়া গ্রামে। গরুগুলোর মূল্য প্রায় ১০ লাখ টাকা বলে ভুক্তভোগী কৃষকরা জানান।
জানা যায়, ধরপাড়া গ্রামের কৃষক নজরুলের গোয়াল ঘর থেকে চারটি ও তার প্রতিবেশী বাশারের গোয়াল ঘর থেকে পাঁচটি গরু নিয়ে যায় চোর। কৃষক নজরুল জানান, রাতে ঘুমানোর আগে বেশ কয়েক বার গোয়াল ঘরে গিয়ে গরুগুলো দেখতে পান; কিন্তু ভোরে গোয়াল ঘরে গিয়ে দেখেন তার চারটি গরু নেই। অনেক কষ্ট ও ধারদেনা করে এবং রাত জেগে পাহারা দিয়ে গরুগুলো লালনপালন করতেন। একই কায়দায় বাশারের ও পাঁচটি গরু চুরি হয়। গ্রামে হঠাৎ গরু চুরি বেড়ে যাওয়ায় এলাকাবাসী আতঙ্কগ্রস্ত।
স্থানীয় ইউপি সদস্য আতিকুর রহমান জানান, বিভিন্ন সূত্রে জনা যায়, গতকাল শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ঐ এলাকা থেকে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দ্রুতগতিতে একটি পিকআপ চলে যেতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ঐ গাড়িটি দিয়েই গরুগুলো চোরেরা নিয়ে গেছে। থানার ওসি আবুবকর মিয়া জানান, চুরির সন্দেহে এক জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। গতকাল পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।