নেত্রকোনায় সিএনজির ধাক্কায় নারী পোশাক শ্রমিক নিহত

নেত্রকোনার কেন্দুয়ায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুফিয়া আক্তার (৫৫) নামে একজন নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় নিহত ওই নারীর স্বামীসহ আরও চারজন আহত হয়েছেন।

রোববার (১২ নভেম্বর) সকালে কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের ভঙ্গানিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে নাসিমা আক্তার নামে মোটরসাইকেল আরোহী এক নারীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে ও আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত সুফিয়া আক্তার ও তার স্বামী গাজীপুরে একটি পোশাক কারখানায় কাজ করতেন। গত শনিবার রাত আড়াইটার দিকে তারা পরিবারের লোকজনসহ গাজীপুর থেকে সরাসরি সিএনজিযোগে কেন্দুয়া উপজেলার উলুয়াটি গ্রামে নিজ বাড়ি ফিরছিলেন। পথে রোববার সকাল সাড়ে সাতটার দিকে কেন্দুয়া উপজেলার ভঙ্গানিয়া নামক স্থানে সিএনজিটি পৌঁছালে আঠারবাড়িগামী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি যাত্রী পোশাক শ্রমিক সুফিয়া আক্তার, তার স্বামী আব্দুল মালেক, মজিবুর রহমান ও মোটরসাইকেল আরোহী নাসিমা আক্তার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সুফিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত অন্যদের মধ্যে কেন্দুয়া পৌর শহরের সাউদপাড়া এলাকার বাসিন্দা নাসিমা আক্তারকে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে।

কেন্দুয়া থানার ওসি মো. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে নিহত ওই নারীর লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’