ইউনিয়ন পরিষদে ঢুকে চেয়ারম্যানকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

নওগাঁর রাণীনগর বিএনপিপন্থী চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদকে তার অফিসে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। রোববার (১২ নভেম্বর) সকালে উপজেলার পারইল ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা চেয়ারম্যান জাহিদকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। জাহিদ পারইল গ্রামের তছির উদ্দীন ফকিরের ছেলে।

পরিষদের সচিব তরিকুল ইসলাম বলেন, এদিন চেয়ারম্যান জাহিদুর রহমান ইউনিয়ন পরিষদে এসে অফিস কক্ষে বসে কাজ করছিলেন। এ সময় তিনটি মোটরসাইকেল যোগে ৫/৬ জনের হেলমেট ও মাস্ক পরিহিত দুর্বৃত্তরা এসে অফিস কক্ষে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে মাত্র ২/৩ মিনিটের মধ্যেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। চেয়ারম্যানের ডান হাতের কব্জি প্রায় বিচ্ছিন্নসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে। তবে হামলাকারীদের কেউ চিনতে পারেনি বলে জানান তিনি। তাকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় পরে বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এই ঘটনায় স্থানীয়দের মাঝে এক আতঙ্কের সৃষ্টি করেছে। 

রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে স্থানীয়রা হামলাকারীদের চিনতে পারেনি। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।