আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউটের ‘বোর্ড অব ট্রাস্টির মেম্বার’ এবং লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি পদে নির্বাচিত হওয়ায় এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এহসানুল কবির জগলুলকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে সম্মাননা স্মারক ও ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়। ঢাকাস্থ লক্ষ্মীপুর পেশাজীবী সমন্বয় পরিষদ এ সংবর্ধনার আয়োজন করে ।
সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যাপক ডা. এহ্সানুল কবির জগলুল বলেন, আমাকে আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউটের ‘বোর্ড অব ট্রাস্টির মেম্বার’ নির্বাচিত করায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে অনেক ধন্যবাদ ।
ভ্যাকসিন ইনস্টিটিউটের ‘বোর্ড অব ট্রাস্টির মেম্বার’ হিসেবে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করা অনেক বড় দায়িত্ব। আগামী তিন বছর এ দায়িত্ব পালন করতে হবে। এছাড়া গত ৩১ অক্টোবর জাতীয় অর্থনৈতিক নির্বাহী পরিষদে (একনেক) ৪ হাজার কোটি টাকার ভ্যাকসিন প্রকল্প অনুমোদন হয়। এটি দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি প্রকল্প।
দৈনিক দেশ রূপান্তরের জিএম মো. হারুনুর রশিদের সভাপতিত্বে সংবর্ধনায় অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। এ সময় অধ্যাপক ডা. এহসানুল কবির জগলুলকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তিনি এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের তিন বারের ব্যবস্থাপনা পরিচালক। অনেক পরিশ্রমী এবং ভালো মানুষ। তাকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। অনুষ্ঠান সঞ্চালনা সঞ্চালনা করেন এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের সহকারী কর্মকর্তা আব্দুল আজিজ শামীম।