কেপিআই অধিভুক্ত সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ 'হার্ডপয়েন্ট' এলাকায় অবৈধ বালু উত্তোলন ঠেকাতে গেলে ইজারাদারের লোকজন সিরাজগঞ্জ পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলামকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই উপ-বিভাগীয় প্রকৌশলী নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় পৌর যুবলীগের আহবায়ক এমদাদুল হক এমদাদসহ অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করা হয়েছে।
পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম জানান, বালুমহাল ইজারা নিয়ে ইজারাদারের লোকজন গায়ের জোরে কেপিআই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছিল। শুক্রবার দুপুরে যমুনা নদীর তীরবর্তী শহীদ শেখ রাসেল স্মৃতি পার্কের পূর্বদিকে ভলগেট দিয়ে বালু উত্তোলন বন্ধে অভিযান করতে গেলে তাকে লাঞ্ছিত করা হয়। এ সময় জব্দ করা বালুভর্তি একটি ভলগেটও ছিনিয়ে নেয় তারা। পরে পাউবোর ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে সদর থানায় লিখিত করেন তিনি।
মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রফিকুল ইসলাম জানান, শনিবার রাতে পাউবো কর্মকর্তার অভিযোগটি মামলা হিসাবে রেকর্ডভুক্ত করা হয়। মামলায় এমদাদুল হক এমদাদের নাম উল্লেখ এবং ৭/৮ জনকে অজ্ঞাতনামা হিসাবে উল্লেখ করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে। প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: গোপালগঞ্জে বিএনপি নেতাদের পদত্যাগের হিড়িক
পাউবোর নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, থানায় মামলা করা হয়েছে। পুলিশ যদি আসামিদের বিরুদ্ধে পদক্ষেপ না নেয়, তাহলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হবে।
এদিকে পাউবোর শহররক্ষা বাঁধের আশপাশে সরকারি কেপিআই অঞ্চলে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ অবৈধ বালু উত্তোলন বন্ধে শনিবার বিকালে হার্ডপয়েন্ট এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয়রা। এ বিষয়ে পৌর যুবলীগের আহবায়ক এমদাদুল হক এমদাদের ব্যবহৃত মোবাইলে ফোন দেয়া হলে তিনি রিসিভ করেননি।
ইত্তেফাক/জেডএইচডি