মেহেরপুর কুষ্টিয়া সড়কে বালুবোঝায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সায়েম নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছে তার বন্ধু বকুল। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গাংনীর আকুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সায়েম গাংনী উপজেলা মটমুড়া ইউনিয়নের আকুবপুর গ্রামের হাসেম আলী বিশ্বাসের ছেলে। সে স্থানীয় হাজি ভরস উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। এদিকে দুর্ঘটনাকবলিত ট্রাকসহ চালক আলামিন ও হেলপার মারুফকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, ঘটনার সময় সায়েম ও তার বন্ধু বকুল মোটরসাইকেলযোগে খলিশাকুন্ডি যাচ্ছিলেন। আকুবপুর নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝায় ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই মারাত্মক জখম হয়। দুমড়ে মুচড়ে যায় মোটরসাইকেলটি। স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সায়েমের মৃত্যু হয়।
গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করার পাশাপাশি ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়েছে। তবে নিহত ও আহত কারোর পরিবার থেকে এখনও কেউ কোনো অভিযোগ করেনি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।