‘বিপুল পরিমাণ মানুষকে শ্রমে যুক্ত করে নতুন উদ্যোক্তা তৈরি করতে চাই’

ঢাকা থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর বিভাগে গ্যাস সঞ্চালন লাইনের উদ্বোধন করেছেন। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে বহুল প্রতীক্ষিত পাইপলাইনে গ্যাস আসলো রংপুর বিভাগে।

উদ্বোধনের পরে পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার সাংবাদিকদের বলেছেন, সরকার উত্তরাঞ্চলে শিল্পায়নের মাধ্যমে বিপুল পরিমাণ মানুষকে শ্রমে যুক্ত করাসহ নতুন উদ্যোক্তা তৈরি করতে চাই। তাই নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রায় ৭’শ কিলোমিটার দূর থেকে রংপুর বিভাগে গ্যাস সরবরাহ করা হচ্ছে। আমরা আপাতত শিল্প এলাকায় গ্যাস দিবো। ২০২৬ সালে আমাদের পর্যাপ্ত গ্যাস সরবরাহের সক্ষমতা অর্জনের কথা। এটি হলে সর্বক্ষেত্রেই গ্যাস সরবরাহ করা হবে। 

rrr5

রংপুরে বহুল প্রতীক্ষিত পাইপ লাইনে গ্যাস প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর পীরগঞ্জ উপজেলার নিয়ামতপুর চৌরাহাট এলাকায় গ্যাস স্টেশন প্রাঙ্গনে ফলক উন্মোচন ও গ্যাস প্রজ্জ্বলন করেন, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার। 

এ সময় উপস্থিত ছিলেন ফলক উন্মোচনের পর আলোচনা অনুষ্ঠানে বিদ্যুত জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) হুমায়ন কবীর, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রুখসানা নাজমা ইছহাক, মহাব্যবস্থাপক (ট্রান্সমিশন বিভাগ) প্রকৌশলী মো. জাহির উদ্দিন, রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর হোসেন, পীরগঞ্জ পৌরসভার মেয়র তাজিমুল ইসলাম শামীমসহ প্রশাসন ও পেট্রো বাংলার কর্মকর্তারা।

পেট্রোবাংলার চেয়ারম্যান বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে পশ্চিমাঞ্চলীয় গ্যাস কোম্পানি লিমিটেড বিতরণ পাইপ লাইন স্থাপনের কাজ শুরু করবে। ব্যক্তি আবাসিকে গ্যাস দিলে ব্যক্তির উপকার হবে, এতে করে শিল্পের উৎপাদন ব্যহত হবে। আর দেশের কৃষি দ্রব্যকে উৎপাদন করে শিল্পে রুপান্তরিত করা এবং প্রচুর জনগণকে কাজে সম্পৃক্ত করাই আমাদের টার্গেট। তারা পাইপসহ সব ধরনের সরঞ্জাম সংশ্লিষ্ট এলাকায় নিয়ে গেছে। গ্যাসের পরিমিত ব্যবহার করে শিল্প এলাকায় গ্যাস দিতে আমরা কাজ করছি। সেই সঙ্গে সংযোগকৃত এলাকায় গ্যাসের চাপ যেন ঠিক থাকে সেদিকেও লক্ষ্য রাখা হবে।