অবরোধে বাড্ডায় জামায়াতের ৫ কর্মী আটক

রাজধানীর বাড্ডায় বিএনপি-জামায়াতের ডাকা পঞ্চম দফার অবরোধ চলাকালে পুলিশ জামায়াতের ৪ জন কর্মীকে আটক করেছে। বুধবার সকালে মধ্য বাড্ডার প্রগতি সরণিতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের সদস্য ফারুক মিলনের নেতৃত্বে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগ অবরোধ বিরোধী মিছিল বের করে। মিছিলটি মধ্য বাড্ডার প্রগতি সরণিতে এলে জামায়াতের স্থানীয় কর্মীরা অবরোধের পক্ষে স্লোগান দেয়। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদেরকে ধাওয়া দেয়। জামায়াতের কর্মীরা পালিয়ে যাওয়ার সময় পুলিশ ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করে। বাড্ডা থানার ওসি ইয়াছিন গাজী বলেন, বিএনপি ও জামায়াত ইসলামীর ব্যানারে মিছিল বের করেছিল। পরে সেখান থেকে ৫ জনকে আটক করা হয়। বাড্ডা থানায় আগে দায়ের করা মামলায় এরা আসামি। ওই মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এদিকে, মিছিল শেষে মধ্যবাড্ডায় সমাবেশ করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

সমাবেশে ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ফারুক মিলন বলেন, অবরোধের নামে গাড়ি ভাঙচুর ও রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির নামে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করলে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।