সরকার পদত্যাগের এক দফা দাবিতে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে বিএনপির দ্বিতীয় দিনের অবরোধের পাশাপাশি শুরু হয়েছে বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস হরতাল এবং গণতন্ত্র মঞ্চের সকাল-সন্ধ্যা হরতাল। তবে সিলেট নগরীতে এর তেমন প্রভাব নেই। নগরীর মোড়ে মোড়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সকালে অর্ধদিবস হরতাল সফলে মিছিল বের করে বাম গণতান্ত্রিক জোট। মিছিলটি বন্দর বাজার থেকে জিন্দাবাজার হয়ে চৌহাট্টা অভিমুখে যাত্রা করে। এ সময় পুলিশ তাদের বাধা দেয়।
পরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা সমন্বয়ক আবু জাফর, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ- মার্কসবাদী) জেলা আহ্বায়ক উজ্জ্বল রায়, বিপ্লবী কমিউনিস্ট লীগের সভাপতি সিরাজ আহমদ।
চলছে বিএনপির অবরোধ
বিএনপির পঞ্চম দফার দ্বিতীয় দিনের অবরোধ চলছে। সকাল ছয়টা থেকে শুরু হওয়া এ অবরোধের সিলেটে তেমন প্রভাব নেই। সকাল থেকে স্বাভাবিক ছিল যান চলাচল। পাশাপাশি ট্রেন চলাচলেও কোনো বাধা আসেনি। যাত্রী না থাকায় ছেড়ে যায়নি দূরপাল্লার বাস। অবরোধকে কেন্দ্র করে সিলেট নগরীর মোড়ে মোড়ে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর টহল।
বুধবার সন্ধায় সাতটার দিকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
এই তফসিলকে প্রত্যাখ্যান করেছে বিএনপি, বাম গণতান্ত্রিক জোট, গণতন্ত্র মঞ্চ, গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামী। অন্যদিকে তফসিলকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা।