বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ৭-০ গোলে হারলেও অখুশি না দেশের তারকা কোচ মারুফুল হক। তিনি বাস্তবতার নিরিখে দেখছেন। অস্ট্রেলিয়ার ফুটবল শক্তির কথা সবার জানা থাকলেও কোচ মারুফুল হক আরও বেশি কিছু দেখছেন। কাতার বিশ্বকাপে অস্ট্রেলিয়া খেলেছে আর্জেন্টিনার বিপক্ষে। গ্রুপ পর্বের সব ম্যাচ দেখেছেন তিনি। আর অন্য দলগুলোর খেলা তো আরও ভালোভাবে পরখ করেছেন। কিন্তু অস্ট্রেলিয়া যা করেছে তা নাকি আরো কোনো দলই করতে পারেনি।
কাতার বিশ্বকাপে অন্য এক অস্ট্রেলিয়াকে দেখেছেন মারুফুল হক। আর্জেন্টিনার মতো দলকেও চোখে চোখ রেখে লড়াই করতে দেখেছেন। উদাহরণ দিয়ে মারুফ বললেন, ‘আর্জেন্টিনার বিপক্ষে অস্ট্রেলিয়ার বল পজেশন আর প্রেসিং দেখলেই বুঝবেন। এটাকে মিরর প্রেসিং বলে। যেটাকে আয়না বলি আমরা। প্রতিপক্ষ যদি চার জনকে মাঝমাঠে রাখে আপনিও চার জনকে রাখবেন। প্রতিপক্ষ যদি চার জনকে ডিফেন্স রাখে আপনিও আপনার ফরোয়ার্ড লাইনে চার জন রাখবেন। এটা হচ্ছে অপনেন্ট খেলাটা তৈরি করবে আমরা সেই খেলাটা বন্ধ করে দেব। কাতার বিশ্বকাপে একমাত্র অস্ট্রেলিয়া এই খেলাটা খেলেছে। আর কোনো দেশকে আমি দেখিনি। সেই দলের বিপক্ষে বাংলাদেশ ৭-০ গোলে হেরেছে এটাতে আমি কিছু মনে করি না।’
৭-০ বড় ব্যবধানও মনে করছেন না মারুফ। তাহলে কত ব্যবধান মনে হতাশাজনক বলা যায়? মারুফ বললেন, ‘প্রথমে আপনাকে মনে রাখতে হবে অস্ট্রেলিয়া টানা পাঁচটা বিশ্বকাপ ফুটবলে খেলছে। আপনার দেশ সাফের সেমিফাইনালে গেছে। প্রতিপক্ষের নাম অস্ট্রেলিয়া। এটা মালদ্বীপ বা ভারত না। এই রেজাল্ট ঠিক-ই আছে। যদি ১০ গোলে হারত তাহলে বাজে রেজাল্ট হয়তো বলা যেত। এখানে দুই দেশের দুই স্ট্যান্ডার্ড। আপনার যে মান আপনি সেটাই করতে পারবেন।’
বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে আগের দিন বলেছিলেন তিনি হতাশ। তার দল আরও ভালো খেলতে পারত।’ সালাহউদ্দিনের এই মতের সঙ্গে একমত না মারুফুল হক। তিনি বলেন, ‘সালাহউদ্দিন ভাই যেটা বলেছেন এটা উনার মতামত। আমার দিক থেকে বলব আমি হতাশ না। আপনি (বাংলাদেশ) তিন দিন পর আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেন। দেখবেন, রেজাল্ট এটাই। হয়তো, ৬ গোল হবে, না হয় ৭ গোল, অথবা ৮ গোলে হারবে। দিনশেষে কথা হচ্ছে এখানে এবিলিটি থাকতে হবে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো কিছুও চোখে পড়েছে মারুফের। দারুণ খেলেছেন গোলরক্ষক মিতুল মারমা। মারুফ প্রশংসা করেছেন মিতুলের। বললেন, ‘অনেকেই বলে জিকো থাকলে ভালো হতো। মিতুল ভালো করেছে। জিকো থাকলে কোন গোলটা সেভ করত বলুন তো? জিকো মিতুল থেকে ভালো। কিন্তু এ ধরনের খেলায় মিতুল যা করেছে তা যথেষ্ট।’